বাংলাদেশী ‘সুইং’ সম্রাটে আইসিসি’র চমক
শফিক রহমান : বিশ্বকাপে আবু জায়েদ চৌধুরী রাহী ‘সুইং’ চমক দেখানোর আগে এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি চমক দেখালো বাংলাদেশকে। এবার আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক কভার পেজে বাংলাদেশি এই ‘সুইং’ সম্রাটের ছবি সেটে দিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছে। কি আছে এই সুইং সম্রাটের ভাগ্যে তা আগামী বিশ্বকাপেই বলে দেবে। কিন্তু আইসিসি যখন মানিক চিনেছে তখন বিশ্বকাপে আবু জায়েদ চৌধুরী রাহী যে বিশ্ব কাঁপাবে তা ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে।
গত ১৬ এপ্রিল আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ১৫ সদস্যর এই দলে দুই জায়গার একটিতে চমক হিসেবে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। কেননা এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকই হয়নি ডানহাতি এই পেসারের। কিন্তু তাসকিন আহমেদের ইনজুরি ও ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ২৫ বছর বয়সী এই পেসার।
নতুন এই বোলারকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে দেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) রীতিমতো চমকে গেছে। তাই তো সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজের কাভার ফটোতে বাংলাদেশ দলের একটি ছবি সেটে দিয়েছে। ছবিটি দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে, রাহীকেই তাঁরা ফোকাস করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। কারণ একমাত্র রাহীর মুখের প্রতিচ্ছবিই সেখানে স্পষ্ট।
জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে রাহীর। পাঁচ টেস্টে ডানহাতি এই পেসারের নামের পাশে রয়েছে ১১ উইকেট। এ ছাড়া তিনটি টি-টোয়েন্টিতে নিয়েছেন চার উইকেট। চমকপ্রদ কোনো পারফরম্যান্স না হলেও চোখে পড়ার মতো সুইং রয়েছে রাহীর বলে। দুই দিক থেকেই সুইং করাতে পারেন তিনি। তবে সেটা এমনি এমনিই হয়ে যায় না। প্রক্রিয়াটা জানেন দেখেই বল সুইং করাতে পারেন সিলেটের এই তরুণ।
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ওয়ানডে অভিষেক না হওয়া রাহীকে দলে নেওয়ার ব্যাখ্যায় নান্নু জাতিরকন্ঠ কে বলেন, রাহী’র ‘সুইং’ এবার বিশ্ব কাঁপাবে-। তবে সে সব ম্যাচের জন্য নয়। ইংল্যান্ডে আবহাওয়া খুব দ্রুত বদলে যায়। কোনোদিন যদি ওভারকাস্ট কন্ডিশন থাকে, বৃষ্টি হয় কিংবা কোনোভাবে উইকেটে সহায়তা থাকে, নতুন বলের ব্যবহার রাহীর চেয়ে ভালো বাংলাদেশের আর কারো করতে পারার কথা নয় বলেই তাকে নেয়া হয়েছে।
ওদিকে রাহী ছাড়াও বাংলাদেশের বিশ্বকাপ দলে রয়েছেন আরও চারজন পেসার। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও বল হাতে বাংলাদেশ দলের পেস আক্রমণ সামলাবেন রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।তবে এদের মধ্যে মুস্তাফিজ ও সাইফউদ্দিন প্রথমাবের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। এ ছাড়াও প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ।



