ফেরিতে হিটস্ট্রোকে ৫জন পরপারে

মাদারীপুর প্রতিনিধি : ঘরে ফেরা হলো না ৫ জন মাদারীপুরবাসীর। ফেরিতেই অন্তিম কোলে ঢলে পড়লেন তারা। মাদারীপুরের বাংলাবাজারে একটি ফেরিতে অতিরিক্ত যাত্রী ওঠায় গরমে হিটস্টোকে অসুস্থ হয়ে পাঁচ জন মারা গেছেন। এ ছাড়াও, আরও আট জন অসুস্থ হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন আজ বুধবার জাতিরকন্ঠ কে বিষযটি নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা দেড়টার দিকে এনায়েতপুরী নামে একটি ফেরিতে যাত্রীরা ঠাসাঠাসি করে উঠেন। এতে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, অসুস্থ হয়েছেন আরও আট জন। তাদেরকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। পুলিশ ও ঘাট সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি রো রো ফেরি রওনা হয়। ফেরিটি বাংলাবাজার পৌঁছায় দুপুর ১২টায়। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩ নম্বর পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। যাত্রীদের উপচে পড়া ভিড়ে চাপা পড়ে আনচুর মাদবর নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলিকাপ্রসাদ এলাকার গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। আচনুর তার পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।



