নৌকার মাঝি হতে চায় বি’চৌধুরীরা!
বিশেষ প্রতিনিধি : এবার নৌকার মাঝি হতে চায় বি’ চৌধুরীর দল বিকল্পধারা ! এলক্ষ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহি বি চৌধুরী নেতৃত্বে একটি প্রতিনিধি দল।মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা আগামীকাল জানানো হবে বলে জানিয়েছেন বিকল্প ধারার নেতারা।এর আগে গত রবিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেছিলেন, যুক্তফ্রন্ট ও আমাদের সঙ্গে নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে।
বিকল্পধারা বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী বলেছেন, ‘বিকল্পধারা জন্মের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেনি, বিএনপির বিরুদ্ধেও রাজনীতি করেনি। আমরা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছি। বিএনপির সঙ্গে একসঙ্গে বসেছিলাম, আলোচনা করেছিলাম। আমরা মন থেকে আশা করেছিলাম জিয়াউর রহমানের দল হিসেবে তারা
জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। তাদের সঙ্গে জামায়াতের যে আত্মার সস্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, সেটা তাদের জন্য দুঃখজনক, বাংলাদেশের জন্য দুঃখজনক।’
ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মাহি বলেন, ‘আজকে আমরা একটি অনানুষ্ঠানিক আলোচনা করেছি। বেশ কয়েক দিন ধরে আমাদের দলের মহাসচিব আবদুল মান্নানের সঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বেশ কয়েকবার আলাপ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি ষড়যন্ত্র করছে, সেসব বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিকদের একসঙ্গে করে একটি সুন্দর নির্বাচন যেন করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলাদেশের পক্ষের মানুষ যেন বিজয় অর্জন করতে পারে, সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।’



