• রোববার , ২৬ জুলাই ২০২৬

দুর্বার বাংলাদেশের প্রবৃদ্ধি এবার ৮.১৩%


প্রকাশিত: ৮:৫৫ পিএম, ১৯ মার্চ ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৯ বার

স্টাফ রিপোর্টার : দেশনেত্রী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশের নমুনা আরো জোরদার হলো জিডিপি প্রবৃদ্ধি রেকর্ড ৮ দশমিক ১৩ শতাংশ বেড়ে যাওয়ার কারণে।চলতি অর্থবছর শেষে দেশের মোট দেশজ উৎপাদন প্রথমবারের মত ৮ শতাংশের ঘর ছাড়িয়ে যাবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেই সঙ্গে বাড়বে মানুষের মাথাপিছু আয়ও। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে রেকর্ড ৮ দশমিক ১৩ শতাংশ এবং মানুষের মাথাপিছু আয় বেড়ে হবে ১ হাজার ৯০৯ ডলার।গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ। আর ওই সময় দেশের মানুষের মাথাপিছু আয় ছিল এক হাজার ৭৫১ ডলার। অর্থমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, অর্থনীতির প্রত্যেকটা খাতেই আমাদের প্রবৃদ্ধি ভালো। আমাদের রফতানি বেড়েছে, বিনিয়োগ বেড়েছে। ম্যানুফ্যাকচারিং খাত বেড়েছে। মূল যেসব খাত- সবগুলোই আমাদের বেড়েছে। সেজন্যই জিডিপির প্রবৃদ্ধি ভালো।