• রোববার , ২৬ জুলাই ২০২৬

দন্ডিত তারেকের ভিডিও ইন্টারভিউ-


প্রকাশিত: ২:৫৫ পিএম, ১৮ নভেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

বিশেষ প্রতিনিধি : দন্ডিত তারেক জিয়া ভিডিও কনফারেন্সে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ায় তোলপাড় চলছে। এটা তিনি পারেন কিনা তা নিয়ে ইসিতে প্রশ্ন তুলেছেন আও্রয়ামী লীগের সাধারন সম্পাদক খোদ ওবায়দুল কাদের। সরেজমিনে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির মনোনয়ন বোর্ড।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। মনোনয়ন বোর্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রার্থীদের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, দলের জন্য অবদান ইত্যাদি বিষয়ে প্রশ্ন করছেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জাতিরকন্ঠকে জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন। বিশেষ করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকা এবং নিজ নিজ এলাকায় সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি জানতে চাইছেন।

তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সাক্ষাৎকারে যোগ দিয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন সাক্ষাৎকার দিয়ে বের হওয়া কয়েকজন মনোনয়নপ্রত্যাশীও। সাক্ষাৎকার দিয়ে বেরিয়ে আসার পর দিনাজপুরের একজন মনোনয়নপ্রত্যাশী সাংবাদিকদের বলেন, তারেক রহমান ভিডিও কনফারেন্সে বিভিন্ন প্রশ্ন করেছেন। তার কাছে জানতে চেয়েছেন এলাকায় দলের সাংগঠনিক অবস্থা কেমন।

বিএনপির মনোনয়ন বোর্ডে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাক্ষাৎকারের সময়সূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ, দুপুর আড়াইটায় খুলনা বিভাগ, মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

জানা যায়, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের সময় আবেদন ফরম জমাদানের রশিদ অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে আসতে পারবেন না বলে এক নির্দেশনায় বলা হয়েছে। ১২ নভেম্বর বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি ও জমা শুরু হয়, যা শেষ হয় শুক্রবার রাতে। বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করেছে ৫ হাজার টাকায়। জমার সময় ফরমের সঙ্গে ২৫ হাজার টাকা জামানত হিসেবে দিতে হয় মনোনয়ন প্রত্যাশীদের। সে হিসেবে চার দিনে মোট ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি থেকে বিএনপির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারাগারে যান বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এদিনই দলটির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। লন্ডনে পলাতক তারেক রহমান বাংলাদেশে একাধিক মালায় দণ্ডিত হয়েছেন।