• রোববার , ২৬ জুলাই ২০২৬

জামায়াতের পৃষ্টপোষক বিএনপি কবে ক্ষমা চাইবে!


প্রকাশিত: ৩:২৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

 

স্টাফ রিপোর্টার : ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাঁতি দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

জামায়াতের আমীর মকবুলের সঙ্গে খালেদা জিয়া

এদিকে জামায়াত কে যারা পৃষ্টপোষকতা করলো তাদেরও বিচারের দাবি উঠেছে। তবে এ সম্পর্কে একেবারে নিশ্চুপ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুধু তিনি নন বিএনপি’র অনেকের মুখ থেকে এখন জামায়াত বিরোধী কথা শোনা যাচ্ছে। জাতিরকন্ঠ’র একাধিক পাঠক ফোন করে জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াততে ২২টি আসন দিয়েছিল বিএনপি। এরজন্যে’ও তো তাদের ক্ষমা চাওয়া উচিত।

যাহোক- নজরুল ইসলাম আরো বলেন, ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতের ক্ষমা চাওয়ার দাবি যুক্তিসংগত। যারা গণতন্ত্র হত্যা করেছে, তারাও আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চায়নি। তিনি বলেন, জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। এ জন্য তাদের দুঃখ, লজ্জা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা যেমন যুক্তিসংগত দাবি, তেমনি আরও যুক্তিসংগত দাবি আছে। স্বাধীনতার বিরোধিতা যারা করেছে, অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, যারা অপরাধ করেছে, তাদের সবার ক্ষমা চাওয়া উচিত। আর তারা যদি কোনো দোষ করেন, তাহলে তাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু এ দেশে সেই রীতির প্রচলন নেই। তবে জামায়াত বিলুপ্ত করে আলাদা দল গঠন করার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার।

জামায়াত ২০-দলীয় জোটে নেই—এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তার জানা মতে, ২০-দলীয় জোটে কোনো পরিবর্তন ঘটেনি। জামায়াতের পক্ষ থেকে তাদের কখনো বলা হয়নি যে, তারা সিদ্ধান্ত নিয়েছে, জোটের সঙ্গে থাকবে না।‘তবে জামায়াত একটি আলাদা রাজনৈতিক দল। সেই দলের সিদ্ধান্ত নেয়ার সুযোগ, অধিকার ও ক্ষমতা তাদের আছে। কিন্তু তাদের জানা মতে, এমন কোনো সিদ্ধান্ত জামায়াত নিয়েছে বলে তারা শোনেননি।’