• রোববার , ২৬ জুলাই ২০২৬

খোশআমদের মাহে রমজান


প্রকাশিত: ৭:১৩ পিএম, ২৪ এপ্রিল ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩২৫ বার

বিশেষ প্রতিনিধি : দেশে রমজানের চাঁদ দেখা গেছে। কাল শনিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। জানা গেছে দেশের ময়মনসিংহ এবং জামালপুরে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে বাংলাদেশ রোজা শুরু। আজ তারাবির নামাজ এবং সেহরি করবেন মুসলমানরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবার ২৯ দিনেই শেষ হলো শাবান মাস। সভায় সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে।

চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিনগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। আজ রাতেই (এশার নামাজের পর) ২০ রাকাত তারাবির নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ৫ মিনিট। প্রথম রোজার ইফতারের সময় ৬টা ২৮ মিনিট। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত।

এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার থেকে রমজান শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাসে এশারের জামাত ও তারাবি নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। বাকিদের এ নামাজ ঘরে বসে আদায় করতে হবে। সরকারি এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।