খালেদা ছাড়া নির্বাচন-কাঁদলেন ফখরুল
স্টাফ রিপোর্টার : খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচন করছে বিএনপি বলেই কাঁদলেন ফখরুল ইসলাম। বললেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। সংবাদ সম্মেলনে এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২৬ নভেম্বর) দলটির মনোনীতপ্রার্থীদের ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে কাঁদেন ফখরুল।
কাঁদতে থাকায় প্রায় ২ মিনিট তিনি কোনো কথা বলতে পারেননি। এরপর আবার সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির এই নেতা।বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতাদের মধ্যে প্রথম চিঠিটি নিয়ে কার্যালয়ের সামনে আসেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার।
আজকের সংবাদ সম্মেলনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের চিঠি বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার ঘোষণা দিচ্ছিলেন মির্জা ফখরুল। তবে সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বক্তব্য দেন, বিএনপি কেন এই নির্বাচনে অংশ নিচ্ছে। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে আবার জানান তিনি। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত দেখছেন না বলেও দাবি করেন তিনি।



