• রোববার , ২৬ জুলাই ২০২৬

ক্যাসিনো সম্রাটের ১৯৫ কোটি টাকার গোমর ফাঁস সিআইডি’র


প্রকাশিত: ১০:৩১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৯২ বার

বিশেষ প্রতিনিধি : ক্যাসিনো সম্রাট ১৯৫ কোটি টাকা পাচার করেছে সিঙ্গাপুরে। সম্রাট তার সহযোগী এনামুল হক আরমানের মাধ্যমে এই টাকা প্রথমে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় পাচার করেছে। ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক রাশেদুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই মামলা (মামলা নম্বর ১৪) দায়ের করেন। সিআইডির সহকারী পুলিশ সুপার জিসানুল হক বিষয়টি জাতিরকন্ঠ কে নিশ্চিত করেছেন।

সিআইডি সূত্র জানায়,২০১৪ সালের আগস্ট মাস থেকে ২০১৯ সাল পর্যন্ত মেসার্স হিস মুভিজ নামে কাকরাইলের একটি অফিসে অবস্থান করে অবৈধ কর্মাকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে সম্রাট। সহযোগী আরমানের মাধ্যমে এসব অর্থ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করে। রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল এলাকায় প্রভাব বিস্তার করে উপার্জিত এসব অর্থের পরিমাণ প্রায় ১৯৫ কোটি টাকা।

সিআইডির কর্মকর্তারা জানান, ২০১১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সম্রাট সিঙ্গাপুরের ৩৫ বার, মালয়েশিয়ায় তিন বার, দুবাইতে দুইবার এবং হংকংয়ে একবার ভ্রমণ করেছে। এছাড়া তার সহযোগী এনামুল হক আরমান ২০১১ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১৮ মে পর্যন্ত সিঙ্গাপুরে ২৩ বার ভ্রমণ করেছে। সম্রাট ও আরমান অবৈধ অর্থ দিয়ে যৌথভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সহযোগী আরমানসহ ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন- দুদকও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মানি লন্ডারিং আইনের নতুন এই মামলার মাধ্যমে তার বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হলো।