করোনায় হাজি মকবুলের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : করোনার থাবায় হাজি মকবুলের মৃত্যু হয়েছে। বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের নেতা ও ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন মারা গেছেন বলে জাতিরকন্ঠ কে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা আজিজুল হক রানা। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।
হাজি মকবুলের ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান বলেন, উনার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
প্রধানমন্ত্রীর গভীর শোক–
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হাজি মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন জনবান্ধব নেতা হিসাবে মকবুল হোসেন দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



