• রোববার , ২৬ জুলাই ২০২৬

করোনায় ভোটের ইফতার রাজনীতি


প্রকাশিত: ৮:০৩ পিএম, ৯ মে ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার


কুুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রশাসনের নাকের ডগায় করোনায় ভোটের ইফতার রাজনীতি হয়ে গেল কুড়িগ্রামে। কুড়িগ্রামের একটি চরাঞ্চল ইউনিয়নে হাজার মানুষের সমাগম করে ইফতার পার্টি করেছেন একজন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী। ইফতার পার্টিতে সামাজিক বা শারীরিক দূরত্বের কোনও বালাই ছিল না। এ সম্পর্কে নাগেশ্বরী উপজেলার ইউএনও নুর আহম্মেদ মাছুম জাতিরকন্ঠকে জানান, বিষয়টি তাৎক্ষণিক কেউ আমাকে জানায়নি। আজ শনিবার ঘটনাটি জেনে কচাকাটা থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

এই ইফতার পার্টির ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পদ্মারচর স্কুল মাঠে। ইফতার পার্টির আয়োজক ছিলেন ইউনিয়নটির ঢাকডোহর গ্রামের ফরিদুল ইসলাম জোয়ারদার।স্থানীয়রা জানান, গত বুধবার ৬ই মে ওই সম্ভাব্য প্রার্থী তার কয়েকজন কর্মীদের দিয়ে সারাদিন প্রচার চালিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। আয়োজনে কয়েক গ্রামের প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উৎসাহী এক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভও দেন।

এমন জনসমাগম করে ইফতার পার্টি করায় ইউনিয়নটির করোনা প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনার ঝড় উঠে সচেতন মহলে।ইফতার পার্টির আয়োজক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদুল ইসলাম জোয়ারদার জানান, কোনও উদ্দেশ্যে বা প্রচারণার অংশ হিসেবে এই ইফতার পার্টির আয়োজন করা হয় নাই। বাজারের কয়েকজন লোকজন নিয়ে ইফতারের আয়োজন করেছিলাম। বেশী লোকজন ছিল না।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান ইফতার পার্টির বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্ভাব্য কয়েকজন প্রার্থী প্রায় প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন করছেন। ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী বলে তাদের আমার পক্ষে নিষেধ করা সম্ভব হচ্ছে না।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জাতিরকন্ঠ কে জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।