করোনার থাবা ১ মাসে ২১৮জন

বিশেষ প্রতিনিধি : দেশে লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল ৮ মার্চ দেশে প্রথম ৩ ব্যক্তির শরীরে করোনা আছে জানা যায়। এক মাস পর ৮ এপ্রিল জানা যায় রোগীর সংখ্যা ২১৮ জন এবং মৃতের সংখ্যা ছিল ৮ জন।দুই মাস পর আজ শুক্রবার (৮ই মে) ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭০৯ জন এবং সুস্থ হয়েছে ১৯১ জন, মোট মৃত ২০৬ জন। আর আজ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন।এখন পর্যন্ত সবচেয়ে বড় পার্থক্য হলো ৬৪ জেলায় ভাইরাসটি ছড়িয়েছে। সবশেষ করোনায় হানা দেয় রাঙামাটি জেলায়।
গত ৮ মার্চ আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিন জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা ঘোষণা করেন তিনি। তিনি জানান, তাদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।
রোগীদের মধ্যে দুজন পুরুষ প্রবাসী বাংলাদেশী ছিলেন যারা সবে ইতালি থেকে ফিরে এসেছিলেন এবং একজন নারী আত্মীয় ছিলেন, যিনি তাদের একজনের সংস্পর্শে এসে সংক্রামিত হন। এর আগে আইইডিসিআর এই বলে সতর্ক করে দিয়েছিল যে, দেশের জনসংখ্যার ঘনত্বের কারণে, করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, এবং একই সাথে প্রতিষ্ঠানটি ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করে।



