ঐক্যফ্রন্ট পেশিশক্তি দেখাচ্ছে: শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি : নির্বাচনে নিজেদের অনিবার্য পরাজয় হবে বুঝতে পেরে ঐক্যফ্রন্ট তাদের পেশিশক্তি দেখানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশব্যাপী আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে হত্যা ও চার শতাধিককে আহত করেছে।’
আজ বুধবার রাজধানীতে নিজের বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) জানে যে, নির্বাচনে জয়লাভ করতে পারবে না। কারণ, বাংলাদেশের মানুষ কখনও সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ও এতিমের টাকা আত্মসাৎকারীদের ভোট দেবে না। এ কারণে তারা পেশিশক্তি দেখানো শুরু করেছে।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দেশে শান্তিপূর্ণ পরিবেশ চায়, যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ তাদের ভোট ও দেশের মালিক। জনগণ ঠিক করবে তারা আগামী নির্বাচনে কেমন সরকার চায়।’আওয়ামী লীগ প্রধান সুনিশ্চিতভাবে বলেন, ‘তার দলের নেতাকর্মীরা একসাথে থাকলে কেউ তাদের আগামী নির্বাচনে পরাজিত করতে পারবে না।’
‘শান্তিপূণ পরিবেশ বজায় রাখতে হবে। বিরোধীদলগুলো ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা যাতে নির্বাচনী প্রচারণা চালাতে পারে সে জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ঐক্যফ্রন্ট হয়তো সন্ত্রাস করতে পারে, এটা তাদের চারিত্র। কিন্তু আওয়ামী লীগ কখনও তা করবে না।’
প্রধানমন্ত্রী দাবি করেন, ‘ঐক্যফ্রন্টের কর্মীরা এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে হত্যা ও ৪০১ জনকে আহত করেছে। বিএনপি-জামায়াত জোট ৫১ জেলার ৮৮ আসনে হামলা, ভাঙচুর, বোমা হামলা ও আগুন সন্ত্রাস চালিয়েছে। তাদের চরিত্র যা তারা সেটাই করছে।’শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে যা করেছিল তা করতে চায়। তারা ২০০১ সালের মতো জনগণকে অত্যাচার এবং ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।’
সম্প্রতি নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেনের অশোভন আচরণের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তার খারাপ ব্যবহার থেকে কেউ ছাড় পাচ্ছে না। তিনি ইসির সাথে ঝগড়া করেছেন। পুলিশ বাহিনী নিয়ে খারাপ কথা বলেছেন। তিনি ঐক্যফ্রন্টের নেতা, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী।’ কেউ তার কাছ থেকে নোংরা কথা আশা করে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগ প্রধান।



