• রোববার , ২৬ জুলাই ২০২৬

এসো হে বৈশাখ এসো এসো..


প্রকাশিত: ৩:২৬ পিএম, ১৪ এপ্রিল ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪০৮ বার

 

স্টাফ রিপোর্টার : বছর ঘুরে আবার ফিরো এলো এসো হে বৈশাখ এসো এসো..। বরাবরের মতো এবারও নতুন কিছুর প্রত্যাশা নিয়ে শুরু হলো বাংলা নতুন বছর। আজ বৈশাখ কে স্বাগত জানাতে, দিনটি উদ্‌যাপন করতে সমগ্র বাঙালি জাতি আজ এক কাতারে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসবের দিন এটি।

অন্যায়- অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে রোববার সকাল সোয়া ৬টার দিকে নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানট। অনুষ্ঠানে অংশ নিতে ভোর থেকেই রমনার বটমূলে নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। রঙিন পোশাক আর চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে হাজির হয়েছিলেন তারা।

সকাল সকাল ৯টার দিকে শুরু হয় পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে আহরিত বাণী দিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’।

বিভিন্ন লোকজ শিল্প কাঠামো নিয়ে এ শোভাযাত্রা চারুকলার সামনে থেকে বের হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি হয়ে চারুকলার সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চারুকলার শিক্ষার্থীদের তৈরি পাখি ও ছানা, হাতি, মাছ ও বক, জাল ও জেলে, টেপা পুতুল, মা ও শিশুর মূর্তি বহন করে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল পোশাক পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

এবারের শোভাযাত্রার শিল্প-কাঠামোগুলোর একটিতে বাঘের মুখ থেকে কাঁটা তোলার চিরায়ত গল্পটি উপস্থাপিত হয়েছে বাঘ ও বকের অনুষঙ্গে। মঙ্গলের বারতা পেঁচা। সমৃদ্ধির কথা বলছে ছাগলের কাঠামো। লোকজ ঐতিহ্যের চিত্র মেলে ধরেছে গাজির পটের গাছ। এ ছাড়া রয়েছে দুই মাথা ঘোড়া, দুই পাখি, পঙ্খীরাজ ঘোড়া ও কাঠঠোকরা।

শোভাযাত্রাকে ঘিরে এবার গ্রহণ করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এগিয়ে যায় শোভাযাত্রা। এতে মাঝপথে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। এর পর থেকে এটা বাংলা বর্ষবরণের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠে। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় এ শোভাযাত্রা।