• রোববার , ২৬ জুলাই ২০২৬

এবার কোটা বহালের পক্ষে আন্দোলন


প্রকাশিত: ১১:৪৭ এএম, ৪ অক্টোবর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৮২ বার

বিশেষ প্রতিনিধি : এবার কোটা বহালের পক্ষে আন্দোলন; প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ এবং মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ কোটা রাখার দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।এদিকে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক-মোড় অবরোধের ফলে গাড়ি চলাচল অনেকটাই থমকে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।মূলত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডাকে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও এতে মুক্তিযোদ্ধাদের পরিবারের অনেকে অংশ নিয়েছেন।মুক্তিযোদ্ধার সন্তানরা সেখানে কোটা বহালের দাবিতে মাটিতে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শাহবাগ মোড়ে অবরোধ তৈরির কারণে মতিঝিল বা মৎস্য ভবন থেকে শিশু পার্ক হয়ে গাড়ি চলাচল করতে পারছে না। সায়েন্স ল্যাব থেকে মতিঝিলমুখী গাড়িগুলো শাহবাগে এসে হোটেল রূপসী বাংলা হয়ে যাচ্ছে।কারওয়ান বাজার থেকে মতিঝিল, যাত্রাবাড়ীগামী গাড়িগুলোও শাহবাগ দিয়ে না যেতে পেরে রূপসী বাংলার পাশ দিয়ে চলে যাচ্ছে কাকরাইলের দিকে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ছয়টি দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিচার, সরকারি চাকরিতে পরীক্ষার শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, কোটা আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি ইত্যাদি।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, গতরাত থেকে তারা এখনও অবস্থান চালিয়ে যাচ্ছেন। যান চলাচল বন্ধ আছে, তবে কোনো গোলাযোগ হয়নি।এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ করেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপ-সম্পাদক মো. আল মামুন বলেন, সরকারি চাকরির সব ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ মোড়ে অবস্থান করব।

তিনি বলেন, ‘তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা থাকবে, কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে থাকবে না- এটা হতে পারে না।’দাবি আদায়ে আগামী শনিবার বিকাল ৩টায় শাহবাগ মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহাসমাবেশ করবে বলে জানান আন্দোলনকারীরা।