• রোববার , ২৬ জুলাই ২০২৬

এনআইডি নিয়ে সিইসি স্বরাষ্ট্রমন্ত্রী রশি টানাটানি!!


প্রকাশিত: ৬:৩৫ পিএম, ২৩ জুন ২১ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১৪ বার

বিশেষ প্রতিনিধি : এনআইডি নিয়ে সিইসি স্বরাষ্ট্রমন্ত্রী যেন রশি টানাটানি অবস্থা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে স্থানান্তর করলে ইসির অসুবিধা হবে। এটা টেবিল-চেয়ার নয় যে উঠিয়ে নিয়ে গেল। এটা নিয়ে আলোচনায় বসতে হবে। অন্যদিকে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। আমরা জেনেবুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছি।

বুধবার (২৩ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বললেই হলো এনআইডি নিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা নিতে হলে আলোচনা করতে হবে। সিইসি বলেন, এনআইডি উইং অনেক বড় প্রতিষ্ঠান। কীভাবে নেবে না নেবে, এ বিষয়ে নিশ্চয়ই সচিব পর্যায়ে কথাবার্তা হবে। ইসির সুবিধা-অসুবিধাগুলো তাদের জানানো হবে। নূরুল হুদা বলেন, সরকারের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত হয়েছে-এ রকম বলা যায় না। তারা নিতে চায়। ইসি দেবে না-এ রকমও বলা যায় না। ইসি সে রকম অবস্থানে নেই। আলোচনায় বসতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা।

দুই পক্ষেরই যুক্তি আছে উল্লেখ করে নূরুল হুদা বলেন, সরকারের অবশ্যই কিছু যুক্তি আছে। ইসিরও কিছু যুক্তি আছে। এগুলো নিয়ে আলোচনা হবে। তাদের বক্তব্য হলো এই সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকে না। সেই যুক্তিটা ঠিক। আসলেই অন্য কোনো দেশে এটা থাকার বিষয় না। আর ইসির যুক্তি হলো এ কাজ অনেক পরিশ্রমের ফসল। এ কাজ করার জন্য ইসির কয়েক হাজার নিবেদিত কর্মী তৈরি হয়েছে এবং তারা অত্যন্ত প্রফেশনাল। এত দিনের ভুলভ্রান্তি শেষে সব পেরিয়ে অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রযুক্তিসম্পন্ন কাজ তারা তৈরি করতে পেরেছে। এটার জন্য নির্বাচন কমিশন গর্ববোধ করে। এ পরিপ্রেক্ষিতে ইসি বলেছিল যে, এতগুলো লোক আবার তৈরি করা, আবার ১২ বছর ঘুরে অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না।

ওদিকে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জেনেবুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছি। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে।বুধবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর পুরাতন কারাগার কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারাবন্দিদের ১০০ সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সুরক্ষা সেবা বিভাগে আসলে সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে।টিকটক বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে। এ বিষয়ে পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? টিকটক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে; এগুলো অভিভাবকদেরও দেখতে হবে। না পারলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। প্রাণঘাতী এ রোগ নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা পালন করতে হবে।