• রোববার , ২৬ জুলাই ২০২৬

উস্কানি-গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী খোকন


প্রকাশিত: ৮:২৭ পিএম, ১৫ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

 

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে ওসির গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছে বিএনপি। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে।

এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় সজ্জিত হয়ে পুলিশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল । তারা এমন আচরন করছিল যেনো পুলিশ মারমুখি হয়। এর জের ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ওসির বিরুদ্ধে বিষোদগার-
পুলিশের গুলিতে আহত হওযার আগে সকালে সাংবাদিক সম্মেলনে ওসির বিরুদ্ধে বিষোদগার করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক নোয়খালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের বিএনপির এমপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি বলেন, ওসি সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিজ্ঞ বিচারপতিকেও মানে না। বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিন আনলে ওসি তাদেরকে গ্রেফতার করে।

শনিবার সকাল ১১টায় নোয়াখালী বার আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা ৬টি নির্বাচনী আসনের বিএনপির ৬ এমপি প্রার্থীদের সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত কয়েক দিন আগে জয়াগ বাজার ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার করতে গেলে ৪টি মাইক আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা মাইক, বাজারে বিএনপির সমর্থিত ১০-১২টি দোকান ভাঙচুর করে।

জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি সওকত আকবরের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার গাড়ি, চাটখিল উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মোস্তফার গাড়িও ভাঙচুর করে, ছাত্রদল নেতা মানিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ওসিকে মোবাইল করলে মামলাও নেয় না।

পরে বিকালে সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে ওসির গুলিতে তিনি আহত হন বলে জানিয়েছে বিএনপি। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জাতিরকন্ঠ কে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।