• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইতিহাসের ‘রোজ় গার্ডেন’ কিনছে সরকার


প্রকাশিত: ৪:৪৭ পিএম, ৯ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২১০ বার

 

 

এস রহমান : এবার ইতিহাসের ‘রোজ় গার্ডেন’ কিনছে বাংলাদেশ সরকার। প্রায় ৩৩২ কোটি টাকায় রোজগার্ডেন প্রাসাদটি কিনে নিচ্ছে সরকার । ইতিমধ্যে সব কাজ এগিয়ে গেছে। খুব শিগগির মূল্য পরিশোধ করা হবে প্রাসাদটির। অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে এতথ্য জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি জানান, রোজগার্ডেন হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। এই ‘রোজ় গার্ডেনেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল-। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে সরকার প্রাসাদটি কিনে নিচ্ছে।

জানা গেছে, বাইশ বিঘা জমির ওপর ১৯৩১ সালে বাড়িটি তৈরি করেছিলেন ঢাকার তৎকালীন ধনী ব্যবসায়ী হৃষিকেশ দাস। গ্রিক শৈলী অনুকরণে সাত হাজার বর্গফুটের মূল বাড়িটির দোতলায় রয়েছে একটি বিরাট জলসাঘর, যার মেঝে দামী শ্বেত পাথরের, সিলিংয়ে সবুজ কাচ দিয়ে তৈরি ফুলের নকশা। সামনে শান বাঁধানো পুকুরে শ্বেত পাথরের ঘাট। বিদেশ থেকে আনা পাথরের ভাস্কর্য ও ফোয়ারা দিয়ে সাজানো বাগান।

তবে রোজগার্ডেনের মূল আকর্ষণ তার কয়েক হাজার গোলাপ গাছ। জানা গেছে, পৃথিবী বিখ্যাত এমন কোনো গোলাপ নেই যা রোজগার্ডেনে নেই। ইরাকের বসরা ছাড়া হল্যান্ড, বেলজিয়ামসহ নানা দেশ ও শহর থেকে বাছাই করে আনা গোলাপ গাছ লাগানো হয়েছিল এই গার্ডেনে। শীত পড়লে আজও রংয়ের উৎসব হয়। অনেকে বলেন, আর সেই কারণেই এই প্রাসাদের নাম ‘রোজ় গার্ডেন’।

এই প্রাসাদ’ই কিনে নিচ্ছে বাংলাদেশ সরকার। প্রাসাদের দাম উঠেছে, ৩৩১ কোটি ৭০ লক্ষ ২ হাজার ৯০০ টাকা।১৯৪৯-এর ২৩ জুন এই বাড়িতেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুসলিম লিগ ভেঙে গঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামি মুসলিম লিগ’। ১৯৫৫-এ নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে সেই দলই পরিণত হয় আওয়ামি লিগ-এ, বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল যারা।

জানা গেছে, শখের প্রাসাদটি তৈরির পরেই ব্যবসায় মন্দা দেখা দেয় মালিক হৃষিকেশের। এক সময়ে দেউলিয়াই হয়ে যান। পুস্তক ব্যবসায়ী কাজি আব্দুর রশিদ ১৯৩৬-এ বাড়িটি কিনে প্রভিন্সিয়াল লাইব্রেরি গড়ে তোলেন। ১৯৬৬–তে মালিকানা পান তাঁর ভাই কাজি হুমায়ুন বশির। ১৯৭০-এ ‘বেঙ্গল স্টুডিয়ো ও মোশান পিকচার্স’ নামে একটি সংস্থা ‘রোজ় গার্ডেন’ প্যালেস ইজারা নিয়ে চলচ্চিত্রের শুটিং স্পট তৈরি করে।

কিন্তু ১৯৮৯-এ বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে ‘সংরক্ষিত ভবন’ ঘোষণা করায় সে কাজ বন্ধ হয়ে যায়। এর পরে ১৯৯৩-এ ফের ‘রোজ় গার্ডেন’-এর দখল ফিরে পান কাজি আব্দুর রশিদের ছেলে কাজি আব্দুর রকিব।জানা গেছে, তাঁর বিধবা স্ত্রী লায়লা রাকিবের কাছ থেকেই সরকার বাড়িটি কিনবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৮ আগস্ট বুধবারের বৈঠকে এ বিষয়ে অর্থমন্ত্রীর প্রস্তাবে অনুমোদন দিয়েছে।