• রোববার , ২৬ জুলাই ২০২৬

আম্মুকে ৫ উইকেট উৎসর্গ জায়েদের


প্রকাশিত: ২:৪৯ পিএম, ১৬ মে ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

আয়ারল্যান্ড থেকে বিশ্বজিৎ দত্ত : আম্মুকে ৫ উইকেট উৎসর্গ করলেন সেই জায়েদ। বললেন-ওয়ানডে ক্যারিয়ার শুরুর আগেই চেপে বসেছিল পাহাড় সমান চাপ।অভিষেকের পর সেই চাপ আরও বেড়ে গেল। ভাবলাম দ্বিতীয় ওয়ানডেতে আমাকে দেখাতেই হবে। সারাদেশবাসী আমার দিকে তাকিয়ে আছে। তাদের জন্য কিছু করতে হবে-তাছাড়া আমি তো আম্মুকে কথা দিয়ে এসেছিলাম। তাই দ্বিতীয় ওয়ানডের ৫ উইকেট উৎসর্গ করলাম আম্মুকে..।

এক নিমিষে কথাগুলো বললেন আবু জায়েদ। বললেন, এই অনুভূতি কেবলই সাময়িক; আমাকে আরও আরও অনেক পথ পাড়ি দিতে হবে-। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে ওয়ানডে না খেলা একমাত্র ক্রিকেটার ছিলেন আবু জায়েদ। তার সুযোগ পাওয়া নিয়ে ছিল অনেক প্রশ্ন। চলছিল বিতর্ক, আলোচনা। এসবের মধ্যেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সোমবার ওয়ানডে অভিষেকের সুযোগ পান এই পেসার। ৯ ওভারে ৫৬ রান দিয়ে সেদিন ছিলেন উইকেটশূন্য।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তকে সুযোগ দেয় টিম ম্যানেজেমন্ট। এবার আবু জায়েদ দিয়েছেন আস্থার প্রতিদান। ৫৮ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তাকে নিয়ে বিতর্ক হয়তো পুরোপুরি থামবে না তাতে। তবে অনেক প্রশ্নের উত্তর তিনি দিতে পেরেছেন। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থের প্রমাণও দিয়েছেন।৫ উইকেট অবশ্য আবু জায়েদের প্রত্যাশার সীমানায়ও ছিল না। ম্যাচ শেষে জানালেন, সন্তুষ্ট থাকতেন একটি-দুটি উইকেটেই। শোনালেন এখানেই না থামার প্রত্যয়।অবশ্যই ভালো লাগছে। শুরুতে চাইছিলাম একটা উইকেট যেন অন্তত পাই। দুটি হলে তো আরও ভালো।

২৫ বছর বয়সী পেসার জানালেন, অভিষেক ম্যাচে অনেক চাপ থাকলেও পরের ম্যাচে নির্ভার করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাইরের সমালোচনা থেকেও নিজেকে আড়াল করার পথ বাতলে দিয়েছেন অধিনায়ক। মাশরাফি ভাই বারবার বলেছিলেন, তুই মন খুলে বল কর। যে রকম ঢাকা লিগে, বিপিএলে বোলিং করিস, সেভাবেই মন খুলে কর। সংশয় নিয়ে বোলিং করিস না। যেটা করার ইচ্ছা কর। আমি সেভাবেই করার চেষ্টা করেছি।