আবারও বিচারপতি পছন্দ হয়নি খালেদার!
কোর্ট রিপোর্টার : আবারও বিচারপতি পছন্দ হয়নি খালেদার! সূত্র জানায়, তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি একক বেঞ্চে করতে চাইছেন না তার আইনজীবীরা। তারা আজ সোমবার দুই দফা আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন। ফলে শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন।হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন একক বেঞ্চে এ শুনানি সোমবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানান। পরে দুপুর ২টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
দুপুরে শুনানি করতে গেলে আদালতের প্রতি অনাস্থা জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এর পর আদালত প্রধান বিচারপতি বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি আদালত আগামীকাল মঙ্গলবার পর্যন্ত (নট টুডে) মুলতবি ঘোষণা করা হয়। ফলে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কী পারবেন না তা ঝুলেই থাকল।এর আগে গত বৃহস্পতিবারও একক বেঞ্চের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা আদালত থেকে বেরিয়ে যান। ওই দিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল।
এ বিষয়ে আইনজীবী বদরুদ্দোজা বাদল জানিয়েছিলেন-আমাদের এই আদালতের প্রতি কোনো আস্থা নেই। এর আগে বুধবার প্রধান বিচারপতি খালেদা জিয়ার তিনটি রিট শুনানির জন্য হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করে দেন।মামলার সব নথি বুধবার বিকালেই ওই বেঞ্চে পাঠানো হয়। শুনানির জন্য বৃহস্পতিবার দুপুর ২টায় সময় নির্ধারণ করেন হাইকোর্টের ওই বেঞ্চ।খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিনটি আসনের মনোনয়নপত্রই বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেন। শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন কমিশনার মাহবুব তালুকদার।এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন। রিটার্নিং অফিসারের এ সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে রোববার তিনটি রিট করা হয়।



