• রোববার , ২৬ জুলাই ২০২৬

অবৈধ ধান্ধায় অপহরণচক্রে ৪র‌্যাব সদস্য পুলিশের কব্জায়


প্রকাশিত: ৯:৪৭ পিএম, ৯ এপ্রিল ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৩২ বার

স্টাফ রিপোর্টার : অবৈধ ধান্ধায় অপহরণচক্রে ৪ র‌্যাব সদস্য পুলিশের কব্জায়। অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ঢাকায় র‌্যাবের চার সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিশ্চিত হয়েই তাদের আটক করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম। তিনি জাতিরকন্ঠ কে বলেন, এই অপহরণ চক্রে মোট ছয়জন ছিল। চারজনকে আটক করা হয়েছে।

মামলা দায়ের করার পর তাদের র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে।শুক্রবার বিকালে পুলিশ ওই চারজনকে র‌্যাবের হাতে তুলে দেয়।র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জাতিরকন্ঠ কে বলেন, ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না। এই পর্যন্ত র‌্যাবে যত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। বাহিনী কোনো ব্যক্তির অপরাধের দায় নেয় না। র‌্যাবে অপরাধ করলে শাস্তি দেওয়ার গড় শতভাগ। গ্রেপ্তার র‌্যাব সদস্যদের পরিচয় জানাতে চাননি কমান্ডার মঈন। তারা কোন ব্যাটালিয়নের- জানতে চাইলে তিনি বলেন, এরা নির্দিষ্ট কোনো ব্যাটালিয়নের নয়।