• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘অবৈধ দখলদার অভিযান বাধাগ্রস্ত করা যাবে না’


প্রকাশিত: ৯:৪৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪০৪ বার

স্টাফ রিপোর্টার : অবৈধ দখলদার উচ্ছেদের কার্যক্রম চলমান থাকবে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে চলমান অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে। কোনভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই সেটাতে আপস করব না। বুধবার দুপুরে ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠসংলগ্ন এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এসব কথা বলেন।তিনি বলেন, সুশাসিত ঢাকা আমাদের ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয়। সুশাসিত ঢাকা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিষয় নয়।

এ সময় ডিএসএসসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা সুশাসিত ঢাকা গড়ার কাজ খুব জোরালোভাবে আরম্ভ করেছি। আমরা যদি সুশাসিত ঢাকা গড়তে না পারি তাহলে আমাদের সকল কার্যক্রমই বৃথা হয়ে যাবে। আমরা দুর্নীতিকে নির্মূল করার জন্য প্রথম দিন থেকেই কঠোরভাবে কার্যক্রম আরম্ভ করেছি এবং প্রথম দিন থেকেই আমাদের এ কার্যক্রম খুব জোরালোভাবে আরম্ভ করেছি।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি নির্মূল করার ঘোষণা দিয়ে মেয়র বলেন, কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ কোনভাবেই বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প দিয়েছেন, আমাদের মূল লক্ষ্য সেই রূপকল্প বাস্তবায়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে প্রত্যয় দিয়েছিলেন, লক্ষ্য দিয়েছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করে ঢাকাকে একটি উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব।

এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কর্পোরেশন কর্তৃক ইজারাকৃত কোন সম্পত্তির বরাদ্দের পর টোল আদায়ের নির্ধারিত শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে শেখ তাপস বলেন, মাধ্যমে যেসব জায়গা ইজারা দিচ্ছ, সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, গাফিলতি পাওয়া যায় এবং আমাদের চিহ্নিত সীমানার বাইরে যদি কেউ কোনো রকম অর্থ আদায় করে থাকে, তা আমাদেরকে জানালে আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। সেই ইজারা বাতিল করব, সেই ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আর কোনো গাফিলতি, কোনো অবহেলা, কোন অসদাচরণ, কোন আত্মসাৎ, কোনো দুর্নীতির জায়গা নেই এবং থাকবে না।