৪০ টাকার ক্যান ১৬০ কেন কন্টিনেন্টালে!
কোর্ট রিপোর্টার : দামে গলা কাটছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল! এই হোটেলে মাত্র ৪০ টাকার স্প্রাইটের ক্যান এর দাম নেয়া হয় ১৬০ টাকা? এটা কেন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেছে হাইকোর্ট। এজন্য আগামী রোববারের মধ্যে হোটেল কর্তৃপক্ষকে জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভোক্তা অধিকার আইনের একটি মামলার শুনানিতে আজ বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই প্রশ্ন করেন।
৪০ টাকার স্প্রাইটের ক্যান কিভাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চরগুণ বেশি দামে ১৬০ টাকা বিক্রি হচ্ছে, সে বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একটি মামলা করেন একজন ভোক্তা। মামলার শুনানিতে আদালত প্রশ্ন রাখেন, কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেল একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে?
আদালত আরো বলেন, সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামি দামি হোটেল গুলোর বিরুদ্ধে। তবে আদালতের প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি হোটেল কতৃপক্ষের আইনজীবী। আগামী ১২ই মে এর মধ্যে দাম বেশি রাখার কারণ দর্শানোর জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেল কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।



