• রোববার , ২৬ জুলাই ২০২৬

১৫ ক্রিকেট জুয়া’ টাইগারদের ম্যাচ’ও-


প্রকাশিত: ৭:০৬ পিএম, ২২ অক্টোবর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৭৮ বার

 

আন্তজার্তিক ১৫টি ক্রিকেট ম্যাচে জুয়ার সন্ধান দিয়েছে আল জাজিরা,ছবিতে টাইগারদের ম্যাচ, ইনসেটে ক্রিকেট জুয়ার গডফাদার ডি কোম্পানির দাউদ ইব্রাহিম, নিচে জুয়াড়ি মুনাওয়ার এবং পরে ক্রিকেট জুয়াড়িদের ছবি-আল জাজিরা’র সৌজন্যে-

স্পোর্টস রিপোর্টার : আন্তজার্তিক ১৫টি ক্রিকেট ম্যাচে জুয়ার সন্ধান মিলেছে বলে খবর দিয়েছে আন্তজার্তিক টিভি চ্যানেল আল জাজিরা। গতকাল রবিবার তারা এক প্রতিবেদনে ১৫টি ম্যাচের তালিকায় বিশ্বকাপের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচও রয়েছে বলে জানিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটিতে টাইগাররা ইংল্যান্ডকে হারিয়ে ২ উইকেটে জয়লাভ করেছিল। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ম্যাচে একাদশের বাইরে বেঞ্চে ছিলেন বাংলাদেশের ম্যাচ জুয়ার সাজাপ্রাপ্ত এক ক্রিকেটার। তবে আল জাজিরা সোমবার পর্যন্ত ক্রিকেট জুয়া অনুসন্ধানে কারো নাম প্রকাশ করেনি।

আন্তজার্তিক ১৫টি ক্রিকেট ম্যাচে জুয়ার অনুসন্ধান করতে গিয়ে চ্যানেলটি বছরের শুরুতে স্পট-ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে তথ্যবহুল একটি প্রামাণ্যচিত্র প্রচার করে ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছিল টিভি চ্যানেল আল জাজিরা। এবার ক্রিকেটের অন্ধকার জগৎ নিয়ে অনুসন্ধানমূলক প্রামাণ্যচিত্রের দ্বিতীয় পর্ব প্রকাশ করে নতুন বোমা ফাটিয়েছে কাতারভিত্তিক এই টিভি চ্যানেলটি।

এবার দাবি করা হয়েছে, নামি-দামি অনেক তারকা ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। যাদের মধ্যে রয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের ক্রিকেটাররা। শুধু তা-ই নয়, ২০১১-১২ সালে ফিক্সিং হয়েছে, এমন ১৫টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে এই চ্যানেলটি। লর্ডসে ভারতের টেস্টের সঙ্গে এই তালিকা রয়েছে বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচও।

২০১১ থেকে ২০১২ সালে ১৫টি ম্যাচে মোট ২৬টির মতো স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে আল জাজিরা। এই ২৬টি স্পট ফিক্সিং হওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে ছয়টি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এসব দাবির পক্ষে তাদের কাছে সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আল জাজিরার দাবি, স্পট ফিক্সিংয়ের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত ইংল্যান্ডের ক্রিকেটাররা। ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে মোট সাতটি ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন ইংলিশরা। অজি ক্রিকেটাররা স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন পাঁচটি ম্যাচে। পাকিস্তানের ক্রিকেটাররা জড়িয়েছে তিনটি ম্যাচে এবং একটি ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন অন্য দেশের ক্রিকেটাররাও।

এই ফিক্সিং চক্রের অন্যতম নায়ক অনীল মুনাওয়ার এবার ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলেছেন, ২০১১-১২ মৌসুমে কোন কোন ম্যাচে ফিক্সিং হয়েছে; যা তার ফোনের কথাবার্তা রেকর্ড করে জানা গেছে বলে দাবি চ্যানেলটির। এই ম্যাচ জুয়ার গডফাদার দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির সঙ্গে ফিক্সিং চক্রের অন্যতম নায়ক ছিলেন অনীল মুনাওয়ার।

আল জাজিরার নতুন এই অভিযোগে আবারও তোলপাড় শুরু হয়ে গেছে ক্রিকেটবিশ্বে। আইসিসি ইতোমধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে আবেদন জানিয়েছে, তাদের কাছে থাকা যাবতীয় তথ্য-প্রমাণ দিয়ে নতুন ওঠা অভিযোগের তদন্তে সহযোগিতা করার জন্য।

আল জাজিরার ওয়েব সাইট থেকে এই ১৫টি ম্যাচের তালিকা এখানে তুলে ধরা হলো জাতিরকন্ঠের পাঠকদের জন্যে-।

১. অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ওয়ানডে ম্যাচ (২১ জানুয়ারি, ২০১১)

২. অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে, ওয়ানডে বিশ্বকাপ (২১ ফেব্রুয়ারি, ২০১১)

৩. ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ওয়ানডে বিশ্বকাপ (২২ ফেব্রুয়ারি, ২০১১)

৪. অস্ট্রেলিয়া বনাম কেনিয়া, ওয়ানডে বিশ্বকাপ (৩ মার্চ, ২০১১)

৫. ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে বিশ্বকাপ (৩ জুন, ২০১১)

৬. ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওয়ানডে বিশ্বকাপ (৩ মার্চ, ২০১১)

৭. ইংল্যান্ড বনাম ভারত, টেস্ট (২১-২৫ জুলাই, ২০১১)

৮. দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্ট (৯-১১ নভেম্বর, ২০১১)

৯. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, টেস্ট (৯-১২ ডিসেম্বর, ২০১১)

১০. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট (১৭-১৯ জানুয়ারি, ২০১২)

১১. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট (২৫-২৮ জানুয়ারি, ২০১২)

১২. ইংল্যান্ড বনাম পাকিস্তান, টেস্ট (৩-৬ ফেব্রুয়ারি, ২০১২)

১৩. শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপ (১৮ সেপ্টেম্বর, ২০১২)

১৪. ইংল্যান্ড বনাম আফগানিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ (২১ সেপ্টেম্বর, ২০১২)

১৫. দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ (২৮ সেপ্টেম্বর, ২০১২)