১০কোটি ভ্যাট মেরেছে স্কলাসটিকা
স্টাফ রিপোর্টার : সোয়া ১০ কোটি টাকা ভ্যাট মেরে দিয়েছে উত্তরার স্কলাসটিকা স্কুল।ভ্যাট ফাঁকির এ অভিযোগ প্রমাণিত হওযায় রাজধানীর উত্তরার স্কলাসটিকা স্কুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেট (গুলশান বিভাগ) কর্তৃপক্ষ। কাস্টমস কর্তৃপক্ষ শুধু মামলাই করেনি, এই ভ্যাট ফাঁকির আদ্যোপান্ত তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি প্রতিবেদনও দাখিল করেছে।
কাস্টমসের গুলশান বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. জাকির হোসেন চৌধুরী জাতিরকন্ঠ কে জানান, রাজধানীর নামি-দামি স্কুলের মধ্যে অন্যতম উত্তরার স্কলাসটিকা। কিন্তু অভিজাত এই স্কুল কর্তৃপক্ষ বছরে কোটি কোটি টাকা আয় করলেও প্রতিষ্ঠালগ্ন থেকেই ভ্যাট ফাঁকি দিয়ে আসছে। এ বিষয়ে বারবার তাগাদা দেওয়া হলেও স্কুল কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
গত ৭ মার্চ কাস্টমসের একটি দল স্কুলে গিয়ে এ পর্যন্ত ১০ কোটি ১৮ লাখ টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পায়। পরে এ সংক্রান্ত যাবতীয় নথি জব্দ করে। পরে গত বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।ভ্যাট ফাঁকির মামলার বিষয়ে জানতে চাইলে স্কলাসটিকা স্কুলের কেউ মুখ খুলেনি।



