সৎ মানুষ এমপি জজ মিয়ার বেহালদশা

ময়মনসিংহ প্রতিনিধি : সৎ মানুষ হলে যা হয় তাই হয়েছে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের দুবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়ার। তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।সাবেক এমপি এনামুল হক জজ মিয়ার একসময় ক্ষমতা, অর্থ, সম্পদ, সন্মান সব কিছু ছিল। তিনি রাজনৈতিক জীবনে কখনো অন্যায় কিছু করেননি, দুর্নীতি করেননি তাই নিজের জন্য কিছুই হয়নি তাঁর। এখন পৌর শহরের সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় খেয়ে না খেয়ে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে। জাতীয় পার্টির সাবেক এই এমপির দুর্দশার খবর পেয়ে এগিয়ে আসেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন। তিনি সহায়সম্বলহীন এনামুল হক জজ মিয়াকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা সহায়তা করেন।
গফরগাঁও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাবেক এমপি এনামুল হক জজ মিয়াকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছি।জজ মিয়া প্রধানমন্ত্রীর কাছে বাসস্থানের জন্য একটি ঘর করে দেয়ার অনুরোধ করেছেন। সাবেক এমপি জজ মিয়াকে মানবিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক তাজমুন আহাম্মেদ প্রমুখ।



