সোমবার নয়া মন্ত্রীসভার শপথ
বিশেষ প্রতিনিধি : আগামী সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জাতিরকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দিন তারিখটি ঠিক করা হয়। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার বেলা সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন, ইনশাআল্লাহ।’
নয়া মন্ত্রীসভা সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতিরকন্ঠ কে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদের সদস্য কত হবে এবং কারা থাকবেন, তা প্রধানমন্ত্রী ঠিক করবেন।
এর আগে আজ সকালে এমপিদের শপথ গ্রহণ শেষে বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করতে যান। এসময় রাষ্ট্রপতি তাকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ জানান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।



