• রোববার , ২৬ জুলাই ২০২৬

সারাদেশে করোনা টিকা নিলেন ৩১,১৬০ জন


প্রকাশিত: ১:১০ এএম, ৮ ফেব্রুয়ারি ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩১১ বার

ঢাকায় করোনা টিকা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাঁয়ে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল, ফটো : প্রদীপ শীল চট্রগ্রাম

বিশেষ প্রতিনিধি/ডেস্ক রিপোর্টার : রাজধানীসহ সারা দেশে রোববার থেকে করোনা টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশে প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে টিকা পেয়েছেন ৫ হাজার ৭১ জন। সারা দেশের সরকারি-বেসরকারি ১ হাজার ৫টি হাসপাতালে সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিদের টিকা দেওয়া হয়।

সারাদেশ ব্যাপী টিকাদান কর্মসূচির প্রথম দিনে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি দেশব্যাপী টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী । সারাদেশে ১ হাজার ৫ টি কেন্দ্রে শুরু হয় এ টিকাদান কর্মসূচি। উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাসের টিকা নিয়ে আমরা কোনো গুজব কিংবা সমালোচনা চাই না। এ দিনটি আমাদের জন্য শুভদিন।

শুরুর দিন ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে ২ হাজার ৪০০টি দল টিকা দিতে কাজ করেছে। টিকা নেওয়ার জন্য আগে থেকে নিবন্ধন করতে হয়েছিল তাদের। এ ছাড়া টিকাদানকেন্দ্রেও নিবন্ধনের সুযোগ ছিল। প্রথম দিন টিকা দেওয়ার সময় গ্রহীতাকে বলে দেওয়া হয় দ্বিতীয় ডোজের তারিখ।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। টিকার মোট দুই ডোজ নিতে হয়। যারা প্রথম ডোজ দিয়েছেন তাদেরকে আবার দ্বিতীয় ডোজ নিতে হবে। নিয়ম অনুযায়ী টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন বলে জানানো হয়েছে।