• রোববার , ২৬ জুলাই ২০২৬

সম্পদের পাহাড়ে জাপা মহাসচিব ও রত্না


প্রকাশিত: ১১:২৮ পিএম, ১ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

 

 

বিশেষ প্রতিনিধি : সম্পদের পাহাড়ে জাপা মহাসচিব ও রত্না! মাত্র ১০ বছরের ব্যবধানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী রত্না আমিনের সম্পদের পরিমাণ বেড়েছে ২০ গুণ। নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা দপ্তরে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় দেয়া তথ্যে মিলেছে এর প্রমাণ।২০০৮ সালে যেখানে এ দম্পতির সম্পদের পরিমাণ ছিল আড়াই কোটি টাকা, সেখানে তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৪ কোটি। যদিও স্থানীয় জনসাধারণ মনে করেন, দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখলে এ সম্পদের পরিমাণ আরও বাড়বে।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না আমিন তার দাখিল করা হলফনামায় নিজেকে উল্লেখ করেছেন সশিক্ষিত হিসেবে। ৫৫ লাখ ৮৮ হাজার ৫৯৬ টাকা আয় দেখান রত্না এবং তার স্বামী আরেক সংসদ সদস্য জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ব্যাংকে জমা নগদ অর্থ, শেয়ার এবং অন্যান্যসহ মোট অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৪০ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৮৫৫ টাকা।

নির্বাচনী এলাকা এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান মিলিয়ে এ দম্পতির মালিকানায় রয়েছে প্রায় সাড়ে ৩শ’ শতাংশ জমি। যার মূল্য বলা হয়েছে, ২ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৫৮৪ টাকা।এছাড়া আরো ৩০ কাঠা জমি দেখানো হলেও সেটির মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। অবশ্য তাদের স্বামী-স্ত্রীর ব্যবহারের জন্যে রয়েছে ৬টি গাড়ি। এর মধ্যে ল্যান্ড ক্রুজার প্রাডো রয়েছে কমপক্ষে ৩টি। হলফনামায় ১০০ ভরি স্বর্ণ থাকার কথাও উল্লেখ রয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দাখিল করা হলফনামায় দেয়া তথ্যানুযায়ী স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৬৮০ টাকার সম্পদের মালিক ছিলেন রুহুল আমিন ও রত্না আমিন। কিন্তু মাত্র ১০ বছরের ব্যবধানে ২০১৮ সালে এসে সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৪৩ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৪৩৯। অর্থাৎ এ সময়ের মধ্যে ২০ গুণেরও বেশি বেড়েছে এ রাজনৈতিক পরিবারের সম্পত্তি।