• রোববার , ২৬ জুলাই ২০২৬

শ্রীপুর শ্রমিক লীগ নেতা প্রকাশ্য খুন


প্রকাশিত: ৩:১৩ পিএম, ২৫ অক্টোবর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

গাজীপুর থেকে মোস্তফা কামাল প্রধান : গাজীপুরের শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৫ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ফারুক উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও ফারুকের স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফারুক কারখানার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত মাওনা-বারতোপা সড়কের মসজিদ মোড়ে ফারুকের পথ রোধ করে।সে সময় কয়েকজন ফারুককে জোর করে পিকআপে উঠিয়ে কড়ইতলা বাজারে নিয়ে যায়। সেখানে তারা জনসম্মুখে লোহার রড, চাপাতি, দা ও ছুরি দিয়ে কুপিয়ে ফারুকের শরীর থেকে দুহাত বিচ্ছিন্ন করে ফেলে।

খবর পেয়ে স্বজনরা এসে ফারুককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিয়া মাসনাজ জাতিরকন্ঠকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ফারুকের মৃত্যু হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জাতিরকন্ঠকে বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে। ঘটনায় দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’