শিশু বলাৎকার দিনাজপুরে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : এবার শিশু বলাৎকার ঘটলো দিনাজপুরে। এ ঘটনায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, দিনাজপুর সদরে ১৩ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে শহরের পুলহাটের কাশিমপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রবিউছ সানী নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।রবিউছ সানীর বাড়ি জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জাতিরকন্ঠ কে জানান, শুক্রবার রাতে শিশুটির বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয়েছে, ৫ মার্চ রাতে রবিউছ সানী তার ছেলেকে বলাৎকার করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখান। এরপর ১১ মার্চ শিশুটি মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
এরপর শিশুটির বাবা ওই মাদ্রাসায় গিয়ে কমিটির সদস্যদের বিষয়টি জানান। উপস্থিত লোকজন ওই শিক্ষককে মারধর করেন। পুলিশ গিয়ে রবিউছ সানীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিশুটির বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি আরও জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও তিন ছাত্রকে ধর্ষণের অভিযোগ আছে। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হয়েছে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়ার জন্যে।



