মাশরাফির ব্রেসলেট ইতিহাস গড়ল!

যেখানে মাশরাফীসহ অতিথি হয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। করোনা স্থবির করে রেখেছে ক্রীড়াঙ্গন। কিন্তু থামিয়ে রাখতে পারেনি অদম্য ক্রীড়াবিদদের। যেভাবেই হোক সাধারণের পাশে থাকছেন দেশের সাবেক ও বর্তমান তারকারা। কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার জার্সি নিলামে বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ব্যাট। সবার উদ্দেশ্য অভিন্ন, প্রাপ্ত অর্থ করোনায় বিপাকে থাকা মানুষের পাশে দাঁড়ানো।
দেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিভিন্ন সামগ্রী বিক্রির হিসাবে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তার ১৮ বছরের সঙ্গী, প্রিয় ব্রেসলেটটি বিক্রি হলো ৪২ লাখ টাকায়। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন- বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন ৪০ লাখ, আই পি ডি সি খরচ করছে আরও ২ লাখ। যার ভিত্তিমূল্য ছিল ৫ লাখ।
কিনে নিলেও ব্রেসলেটটি তাৎক্ষণিকভাবে মাশরাফীকে উপহার দিয়েছেন বি এল এফ সি এ চেয়ারম্যান মমিনুল ইসলাম। ভবিষ্যতে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করতে চায় সংগঠনটি। ফেসবুকে লাইভ নিলামে অতিথি হয়েছিলেন তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের সাথে তার চলা আড্ডায় আবারও মাশরাফীকে এনে চমক দিতে চান ওয়ানডে অধিনায়ক। ব্রেসলেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে করোনা দুর্গতদের সহায়তায় খরচ করা হবে।



