মন্ত্রীত্বের শর্তে জোট হয়নি মেননকে কাদের
বিশেষ প্রতিনিধি : মন্ত্রী বানানোর শর্ত দিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগ জোট করেনি বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য- গতকাল মন্ত্রীত্ব না দেয়ার জন্যে ব্যাখ্যা দাবি করেছিলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছিলেন, মন্ত্রিসভার আকার ছোট হওয়া এবং ১৪ দলের কোনো নেতাকে মন্ত্রিসভায় না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘১৪ দলের সমন্বয়কের কাছে ব্যাখ্যা চাওয়া হবে, কেন মন্ত্রিসভায় রাখা হলো না।’সোমবার সচিবালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান মেনন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রী করতেই হবে এমন কোনো শর্ত দিয়ে জোট করা হয়নি। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।’
এ সময় নতুন মন্ত্রিসভায় সঠিক মানুষকে সঠিক জায়গা দেওয়া হয়েছে উল্লেখ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করবো। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে, যোগ-বিয়োগ হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুরাতন মন্ত্রীদের অনেকের নতুন মন্ত্রিসভায় জায়গা না হওয়াটা ‘বাদ পড়া’ নয়। তাদের দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্ত্বা আছে। আমি মনে করি না বাদের পড়ার কোনো বিষয় আাছে।’



