ভোটে হেরে ঢাকায় নিরুত্তাপ নওগাঁয় হরতাল দিল বিএনপি

বিশেষ প্রতিনিধি/ নওগাঁ প্রতিনিধি : ভোটে হেরে ঢাকায় নিরুত্তাপ নওগাঁয় হরতাল দিল বিএনপি। ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম মনু। শনিবার রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ওদিকে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে উপনির্বাচনে হেরে হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
এছাড়া প্রহসনের নির্বাচনের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।তবে ঢাকায় হেরে হরতাল কেন একটি বিক্ষোভ মিছিলও বের করার সাহস দেখায়নি বিএনপি।নির্বাচন কমিশনের ঘোষিত প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মো. কাজী মনিরুল পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ২৯৩৭ ভোট। এছাড়া জাতীয় পার্টির মীর আবদুস সবুর পেয়েছেন ৪১৩ ভোট।
এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এই উপনির্বাচনে ঢাকা-৫ আসনে ছয়জন এবং নওগাঁ-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা-৫-এ আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূইঁয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার) প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তবে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। আমাদের কাছে কোনো অভিযোগ নেই।
নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে উপনির্বাচনে প্রহসনের নির্বাচনের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সেই সঙ্গে এ আসনে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে।শনিবার রাত সাড়ে ৭টায় জেলা বিএনপির উদ্যোগে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা বিএনপির আহ্ববায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, বিএনপি নেতা আলহাজ নাছির উদ্দিন ও আব্দুস শুকুর, ভিপি খোকন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহা, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টার বলেন, নওগাঁ-৬ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে রানীনগর-আত্রাই উপজেলায় আগামীকাল (রোববার) অর্ধদিবস হরতালের আহ্বান করা হয়েছে। পরবর্তীতে দলীয়ভাবে আবারও সিদ্ধান্ত নেয়া হবে।



