• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘ভোটারদের সঙ্গে ‘তামাশা’ করছে ঐক্যফ্রন্ট’


প্রকাশিত: ৫:০৯ পিএম, ১৭ ডিসেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

স্টাফ রিপোর্টার : জাতিকে ‘বিভ্রান্ত’ করে নির্বাচনী ইশতেহারের মাধ্যমে ঐক্যফ্রন্ট ভোটারদের সঙ্গে ‘তামাশা’ করছে বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঐক্যফ্রন্ট ইশতেহার ঘোষণার পর আজ সোমবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ কথা বলেন।

ঐক্যফ্রন্টের ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা মনে করি মানুষের সঙ্গে তামাশা করার জন্যই তারা এমন ইশতেহার দিয়েছে। তাদের কার্যক্রমের মধ্য দিয়ে এটা কোনো অবস্থাতেই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার কথা নয়। তারা সার্বিকভাবে ইশতেহারে যা বলেছে তা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এ ধরনের ইশতেহার দিয়েছে।’

আব্দুর রহমান বলেন, ‘ঐক্যফ্রন্টের আশ্রয়-প্রশ্রয়ে তারা নির্বাচন করার সুযোগ পেয়েছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখবে, এটা কোনদিনই দেশের মানুষ বিশ্বাস করবে না।’

স্বাধীনতার স্বপক্ষের ভোট টানার কৌশল হিসেবে ঐক্যফ্রন্ট এমন ঘোষণা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এ নেতা বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, তাদের বিষয়ে স্বাধীনতার পক্ষের শক্তি অবশ্যই সতর্ক আছে। এটা তাদের ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই না।’