• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্য চাই:ড.কামাল


প্রকাশিত: ৫:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

স্টাফ রিপোর্টার : বিএনপির ও ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ডাকে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র নাগরিক সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকাল ৩টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে উদীচীর শিল্পী সুরাইয়া পারভীন ও মায়শা সুলতানার কণ্ঠে ‘আমাদের ন্যায্য অধিকার যত, আমাদের ফিরিয়ে দাও’ শীর্ষক গণসঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।তবে সমাবেশের প্রধান অতিথি যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী তখনো অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।

স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যের আহ্বায়ক ড. কামাল বলেন, “দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আজ তা পুনরুদ্ধারে আমরা সমবেত হয়েছি। একাত্তর সালে ‍মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনগণ বিজয় ছিনিয়ে এনেছিল।আজ জাতীয় ঐক্যের ভিত্তিও হচ্ছে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা; রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। আমি আশা করি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ জনগণকে উজ্জীবিত করে বৃহত্তর জাতীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টি লক্ষ্যে জনগণকে অনুপ্রাণিত করে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন।”

কামালের সভাপতিত্বে ও নাগরিক ঐক্যের সদস্য সচিব আবম মোস্তফা আমিনের পরিচালনায় সমাবেশের মঞ্চে বসেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বারিস্টার মইনুল হোসেন; বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান; বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ; জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী; ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর ও জাফরুল্লাহ চৌধুরী।মহানগর নাট্যমঞ্চের কাজী বশিরউদ্দিন মিলনায়তনে বড় ব্যানারে লেখা আছে- ‘কার্য্কর গণতন্ত্র আইনের শাসন ও জনগনের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলুন’।

‘এক দাবি এক লক্ষ্য দেশের স্বার্থে জাতীয় ঐক্য’ ‘নবীন-প্রবীণ আয়রে ভাই, দেশ বাঁচাতে ঐক্য চাই’, ‘একাত্তরের চেতনা, জাতীয় ঐক্য আরেক বার’, ‘ নব্বইয়ের আকাঙ্ক্ষা জাতীয় ঐক্য আরেকবার’ ইত্যাদি স্লোগান ও মুহুর্মূহু করতালিতে মিলনায়তন সরব।ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই সমাবেশে নেতা-কর্মীরা আসছে। বেলা ২টার পরপরই পুরো মিলনায়তনস্থলে কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। মিলনায়তনে বাইরে লোকজন যাতে বক্তব্য শুনতে পারে সেজন্য পুরো প্রাঙ্গণে মাইক টাঙানো হয়েছে।

সমাবেশস্থলে এসেছেন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিসের মাওলানা মজিবুর রহমান, আহমেদ আবদুল কাদের, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খোন্দকার লুৎফর রহমান ও আসাদুর রহমান খান।এই নাগরিক সমাবেশকে কেন্দ্র করে মহানগর নাট্যমঞ্চের পাশপাশে ব্যাপক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।২০১৬ সালের ৫ আগস্ট দেশে অবাধ, সুষ্ঠ ও কার্য্কর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠনের ঘোষণা দেন।

২০ মিনিট বিদ্যুৎ বিভ্রাট-সমাবেশস্থল বেলা ২টা থেকে নেতা-কর্মীদের পদচারণামুখর হলেও ২টা ৩৮ মিনিট থেকে মহানগর নাট্যমঞ্চে বিদ্যুৎ চলে যায়। নেতা-কর্মীদের অন্ধকারে বসে থাকতে দেখা গেছে।বিকাল ২টা ৫৮ মিনিটে বিদ্যুৎ এলে সমাবেশের কার্যক্রম শুরু হয়।