• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভুল তদন্ত:জাহালমের ক্ষতিপূরণ কে দেবে!


প্রকাশিত: ৭:২৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

বিশেষ প্রতিনিধি : ভুল তদন্তে তিন বছর জেল খাটার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন জাহালম। কিন্তু যাদের কারণে জাহালমের এই দুর্গতি তাদের বিচার কে করবে? তাছাড়া কে-ই বা ক্ষতিপূরণ দেবে জাহালমকে! তা নিয়ে চলছে সর্বত্র আলোচনা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩৩ মামলায় প্রকৃত অভিযুক্তের জায়গায় জেল খাটা নিরপরাধ জাহালমকে আজই মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার দুপুরে ডিআইজি প্রিজনকে এই নির্দেশ দেওয়া হয়।

ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন এমন আশায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে হাজির হয়েছেন জাহালমের ভাই শাহনুর। রোববার দুপুরে দেওয়া হাইকোর্টের আদেশ এখনো কারাগারে এসে পৌঁছায়নি। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, আদেশ এসে পৌঁছালেই মুক্তি পাবেন জাহালম।জাহালমের বিরুদ্ধে হওয়া ২৬টি মামলা দুদক প্রত্যাহার করে নিয়েছে- এই মর্মে তথ্য উপস্থাপন করলে আজ এ আদেশ দেন হাইকোর্ট।

এর আগে রোববার সকালে আদালতের নির্দেশে তিন বছর জেলে রাখার ঘটনায় দুদক মহাপরিচালকসহ (তদন্ত) চারজন হাইকোর্টে হাজির হন। এই চারজন হলেন- দুদকের মহাপরিচালক, মামলার তদন্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র ও আইন সচিবের দুজন কর্মকর্তা।গত ২৮ জানুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের স্বপ্রণোদিত হয়ে দুদকের কর্মকর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

একই সঙ্গে ভুল আসামিকে কেন মুক্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।জানা গেছে, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে এসেছেন এই জাহালম। তিনি পেশায় পাটকলশ্রমিক। টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া গ্রামে বাড়ি ছাড়া আর কোনো সম্পত্তি নেই তার।