ভিডিও ফুটেজ দেয়ায় খেয়ে ফেলার হুমকি
স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় বিস্ফোরনের আসল ক্লু মিলেছে ভিডিও ফুটেজে। এই ভিডিও ফুটেজ দেয়ায় রাজমহল হোটেলের মালিককে খেয়ে ফেলার হুমকি দিয়েছে ওয়াহেদ ম্যানশনের মালিক মো. হাসান। সরেজমিনে জানা গেছে, পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড শুরুর ভিডিও ফুটেজ দেয়ায় ওয়াহেদ ম্যানশনের মালিক মো. হাসানের বিরুদ্ধে রাজমহল হোটেলের মালিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
বুধবার বিকালে জিডি দায়েরকারী মোহাম্মদ আজম জাতিরকন্ঠ কে বলেন, আমাকে গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওয়াহেদ ম্যানশনের মালিক হাসান ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আমাকে দেখে নেবেন, খেয়ে ফেলবেন- এ ধরনের আরও অনেক কথা বলেছেন। এরপর পরিবারের সঙ্গে আলাপ করে ২৫ মার্চ চকবাজার থানায় একটি জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
ওয়াহেদ ম্যানশনের পাশে থাকা রাজমহল হোটেলের সিসি ক্যামরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়েছে। এরপর পুলিশ হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়। সেই ফুটেজ গণমাধ্যমে প্রকাশিত হয়।
আজম বলেন, আমি কাউকে কোনও ফুটেজ দেইনি। ঘটনার পর পুলিশ সব নিয়ে গেছে। তারপরও আমাকে হাসান দায়ী করছেন। তিনি এলাকার অনেককেই ফোন করে গালিগালাজ করছেন। আমি উপায় না পেয়ে জিডি করেছি।জিডির বিষয়টি চকবাজার থানা পুলিশ এরইমধ্যে তদন্ত করেছে বলে জানিয়েছেন তিনি বলেন, জিডি চকবাজার থানার পুলিশ অফিসার ওসি (তদন্ত) মুরাদ বিষয়টি তদন্ত করছেন। আমার সঙ্গে তার কথাও হয়েছে।
আজমের দায়ের করা জিডি নম্বর ১১৬৬। তিনি জিডিতে উল্লেখ করেছেন, ‘মো. হাসান, পিতা: মৃত ওয়াহেদ। এই ব্যক্তি তার মোবাইল নম্বর থেকে ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে আমি (আজম) বাসায় থাকাকালীন ফোন করে। ফোনে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। সে আমার বড় ধরনের ক্ষতি করবে বলে বারবার বলতে থাকে। আমি তার কাছে কারণ জানতে চাইলে সে আমাকে অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ ও ছবি রেকর্ড হওয়ার বিষয়টির কথা বলেন।’ চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার জানান, বিষয়টির তদন্ত চলছে।



