ভারত বাংলাদেশে ‘লোন উলফ’ হুমকি
বর্তমান থেকে ডেস্ক রিপোর্টার : এবার ভারতসহ বাংলাদেশে ‘লোন উলফ’ হামলার পরিকল্পনা করেছে জঙ্গিরা। জঙ্গিদের প্রপাগান্ডা চ্যানেল বালাকোট মিডিয়া থেকে প্রকাশিত বাংলা ভাষায় লেখা একটি ম্যাগাজিনে এই হামলার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ম্যাগাজিনে ভারতকে প্রধান লক্ষ্যবস্তু করার পাশাপশি বাংলাদেশে শাহরিয়ার কবির ও বিশিষ্ট মুনতাসির মামুনসহ প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাকেও টার্গেটে রেখেছে তারা। বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন,‘আসলে লোন উলফের বক্তব্য বা স্লিপার সেলের কৌশল নিয়ে আগেও জঙ্গিরা বিভিন্ন হুমকি দিয়েছে।
গত মাসে প্রকাশিত ‘লোন ওলফ’ নামে ওই ম্যাগাজিনে লোন ওলফ হামলা কী, অপারেশনের মূলনীতি, নিজেকে প্রস্তত করা, কমিউনিকেশনের কৌশল, সিসি ক্যামেরা এড়িয়ে চলা, টার্গেট সিলেকশন, টার্গেট প্রোফাইলিং, যাতায়াতের কৌশল, রেকি করার পদ্ধতি, অপারেশনের পরিকল্পনা, সিকিউরিটির জন্য ডু অ্যান্ড ডোন্টস অর্থাৎ কী করা যাবে আর কী করা যাবে না, প্রয়োজনে টিম সিলেকশন, প্র্যাকটিস, অপারেশন পরিকল্পনার নমুনা, নিরাপত্তা সতর্কীকরণ, কিলিংয়ের বিষয়ে নির্দেশনা, স্যাবোটাজ,অপারেশনের পর বিবৃতি দেওয়ার কৌশলগুলো বিস্তারিত উল্লেখ করেছে।
লোন ওলফ অর্থ হল একাকী শিকারি। লোন উলফ হামলার হুমকি দেওয়া ওই ম্যাগাজিনে‘আমাদের টার্গেট’ শিরোনামের একটি অধ্যায়ে বাংলাদেশ ও ভারতের কাদের উপর হামলা করা যেতে পারে তার কিছু নমুনা দেওয়া হয়েছে। ওই নমুনায় বলা হয়েছে,আমেরিকা, ইজরায়েল, ব্রিটেন, ফ্রান্স ও ন্যাটো জোটভুক্ত দেশের (তুরস্ক বাদে) যে কোনও অমুসলিম বা উঁচু পদের কেউ।
লোন অ্যাটাকের জন্য ভারত একটি আদর্শ জায়গা হিসেবে উল্লেখ করে ভিসা সহজ করে দেওয়ায় ভারতে গিয়েও হামলা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে লোন ওলফ টার্গেট হিসেবে বর্ণনা দিয়ে ইন্টারনেটভিত্তিক ওই ম্যাগাজিনে বলা হয়েছে, ভারতে অবস্থানকারী যে কোনও আমেরিকান, ইযরায়েল, অস্ট্রেলিয়া বা ব্রিটিশ নাগরিক,বিভিন্ন টুরিস্ট ষ্স্পট, বার, হোটেল, নাইটক্লাব, রেস্টুরেন্ট, শপিং মল জঙ্গিদের হামলার তালিকায় রয়েছে। এসব স্থানে প্রচুর বিদেশি (জঙ্গিদের ভাষায় কাফের) উপস্থিতি থাকে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভারতের সিকিউরিটি ফোর্সের যে কোনও সদস্য, পুলিস, সিআরপিএফ বা ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চের কোনও সদস্য, ভারতীয় সেনার যে কোনও সদস্য, ভারতের উগ্র হিন্দু নেতা, ভারতীয় বিএসএফ, ভারতের কোনও ‘শাতিম’ কিংবা প্রকাশক কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনও নাস্তিকও টার্গেট হতে পারে।
বাংলাদেশের ট্রানজিট সুবিধা পাওয়া ভারতীয় পণ্যবাহী ট্রাক বা ট্রেনে আগুন লাগানো, বিভিন্ন বন্দরে নোঙর করা আমেরিকা, ইযরায়েল,ব্রিটেন, ফ্রান্স বা তুরস্ক বাদে ন্যাটো জোটভুক্ত যে কোনও দেশ এবং এর বাইরে ভারত ও চীনের পণ্যবাহী কার্গো ক্যারিয়ার ও তেলবাহী জাহাজে সাবোতাজ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এদেশের সামরিক ফ্যাসিলিটিতে ট্রেনিং নিতে আসা বা ট্রেনিং দিতে আসা আমেরিকা, ইজরায়েল, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি ও ন্যাটো জোটভুক্ত দেশ এবং ভারত বা মায়ানমারের অমুসলিম সামরিক পুরুষ ও মহিলা তাদের টার্গেট বলে হুমকি দেওয়া হয়েছে।



