• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিমসটেক সম্মেলন:নেপালে শেখ হাসিনা


প্রকাশিত: ২:২৮ পিএম, ৩০ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৯ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে বিমসটেকের চতুর্থ সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে ফ্লাইটটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।আজ বিকেলে এ সম্মেলন শুরু হচ্ছে।

দুদিনের এক সরকারি সফরে সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শার্মা ওলি এবং ভুটানের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান দাসো থেসারিং ওয়াংচুকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিমসটেক সম্মেলনে যোগদানকারী নেতৃবৃন্দ নেপালের প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক যোগাযোগ উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের বিষয়টি সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতৃবৃন্দের আলোচনার মূল বিষয়বস্তু হবে বলে মনে করা হচ্ছে। আজ রাতে নেপালের প্রধানমন্ত্রী দেওয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনাসহ অন্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা।

আগামীকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর ফেরার কথা।বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেক হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের একটি জোট।১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে গঠিত হয় এ জোট। সদস্য দেশগুলোর মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। সেগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং অন্য দুটি দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার ও থাইল্যান্ড।