• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বিএনপি পরাজয়ের বেদনা ভুলতে পারছেনা’


প্রকাশিত: ৫:০৬ পিএম, ১২ জানুয়ারী ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি চরম পরাজয়ের বেদনা ভুলতে পারছেনা।আর একারণে বিএনপি ভোট ডাকাতির অভিযোগ তুলছে। আসলে এর কোনো সারবত্তা নেই।তিনি বলেন, নির্বাচনে চরম পরাজয়ের ‘বেদনা ভুলতে’ এখন ‘ভোট ডাকাতি’র কথা বলছেন বিএনপিসহ অন্য দলগুলোর নেতারা।

ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনঃভোটের দাবি জানিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। বাম গণতান্ত্রিক জোটও নতুন নির্বাচনের দাবি তুলেছে। শনিবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকরা কাদেরের কাছে সরকারবিরোধীদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান।তিনি বলেন, “এবারই প্রথম সরকার গঠনের আগে গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন এবং শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন।

“কাজেই এ ধরনের দাবি অবান্তর, কোনো যৌক্তিকতা নেই। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই। আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো প্রশ্ন আমরা এখন পর্যন্ত পাইনি।“কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলেই হেরে যাওয়ার বেদনা থেকেই এসব প্রশ্ন, এসব অভিযোগ তুলছেন এবং তাদের এই অভিযোগ ধোপে টেকে না।”

এবারের নির্বাচনে জনগণ ‘খুব খুশি’ হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, “চারিদিকে আপনারা জনগণের মতামত নিতে পারেন, জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।“জনগণের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আছে শুধু বিরোধী মনের কিছু রাজনৈতিক দলের। তাদের কাছে প্রশ্ন থাকবেই। বিরোধী দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলে গরম কথা বলতে হবে।”নতুন নির্বাচন নিয়ে সংলাপের দাবি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন কাদের।

“যেখানে ভোট নিয়ে কোনো প্রশ্ন নেই, বিতর্ক নেই, যেখানে গণতান্ত্রিক বিশ্ব উল্টো সমর্থন দিয়েছে, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা কিংবা বাস্তবতা কিংবা প্রয়োজনীয়তা এ মুহূর্তে নেই।“নির্বাচন নিয়ে সংলাপের দাবি একেবারেই হাস্যকর। আমি বলব মামা বাড়ির আবদার, এছাড়া আর কিছু নয়।”আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কাউন্সিল অক্টোবর মাসেই হবে।”