• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বিএনপি নির্বাচনে নাশকতা’র ষড়যন্ত্র করছে’


প্রকাশিত: ৩:৪২ পিএম, ২২ জুলাই ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

 

 

 

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এতদিন বলেছে, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। এখন এক কাঠি বাড়িয়ে বলছে, নির্বাচন তারা প্রতিহত করবে। এতে আমরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও নাশকতার আশঙ্কা করছি। তবে আমরা জনগণকে নিয়ে এটা প্রতিহত করবো।রোববার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কারও কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এ নিয়ে কারও সঙ্গে কোনো সংলাপেরও প্রয়োজন নেই। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংলাপ করতে হবে।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অক্টোবরের যে কোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই এ সরকার গঠন হবে। সেখানে অন্য কাউকে রাখার কোনো সুযোগ নেই।

এর আগে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে। প্রথমত, বিএনপির চেয়ারপারসনসহ দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে ৭৮ হাজার মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তৃতীয়ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবে, এতে বৃহত্তম বিরোধীদল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে এবং চতুর্থত, প্রার্থীরা যেন সব ভোটারের কাছে ভাট চাইতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।