• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিএনপি নির্বাচনে এলে এরশাদ মহাজোটে


প্রকাশিত: ৪:২৮ পিএম, ১৮ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২০৪ বার

 

এস এম খলিল বাবু : বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাজোটের হয়ে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।তিনি বলেন, বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো নয় বলেও মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, বিএনপির অবস্থা ভালো নেই। তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিলে জোটগতভাবে, আর না নিলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।

শনিবার সকালে রংপুর সার্কিট হাউজে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, তারাই ভালো জানে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তবে রংপুরের ২৩টি আসনই আমরা চাই।’

বিএনপি নির্বাচন করলে জোটগতভাবে নির্বাচন হবে, আর তারা নির্বাচন না করলে তিনশ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবো আমরা। বিএনপি নির্বাচনে না আসলেও আমরা নির্বাচনে অংশ নিবো। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখী দল।নির্বাচনকালীন সরকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এরশাদ বলেন, ‘সেই মিনি সরকারে আমাদের লোকজন থাকবে। তবে কে বা কারা সেই সরকারে থাকবে তা এখনো নিশ্চিত করা হয়নি। ’

রংপুরবাসী তাকে ভোট দেবে প্রত্যয় ব্যক্ত করে এরশাদ বলেন, ‘আমি রংপুর তিন আসনেই প্রার্থী হবো। রংপুরবাসী আমাকে ভোট দেবে। মৃত্যুর আগে এই আসনটি আমার থাকবে। মরার সময় গর্ব করে বলতে পারি রংপুরের মানুষ আমাকে ভালোবাসে।’

এসময় কোটা এবং নিরাপদ সড়ক সংস্কার আন্দোলনে বিষয়ে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিতে আহ্বান জানান এরশাদ। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও মেজর (অব.) মো. খালেদ আখতার।