বিএনপির ৩০টাকার ইফতার-দাওয়াত প্রধানমন্ত্রীকে!

স্টাফ রিপোর্টার : এবার বিএনপি জনপ্রতি ৩০টাকায় ইফতার করবেন এবং সেই ইফতারের -দাওয়াত দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে! ইফতারের দাওয়াত দিতে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। রোববার বিকালে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দাওয়াতপত্র নিয়ে রওনা দিয়েছেন বলে জাতিরকন্ঠ কে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও মনির হোসেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আগামী মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপি।সেখানে কারাবন্দি খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জনপ্রতি ৩০ টাকা করে ইফতার করবেন তারা।
শায়রুল কবির বলেন, মঙ্গলবার রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। সেখানে সম্মানিত অতিথি ছাড়া বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করবেন।দলের চেয়ারপারসনকে ইফতারের জন্য যে বরাদ্দ তার সমান অর্থাৎ জনপ্রতি ৩০ টাকার বেশি নেতাকর্মীরা ইফতার খাবেন না।



