বিএনপির ২য় এমপি হিসেবে শপথ নিচ্ছেন-
বিশেষ প্রতিনিধি / চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিএনপির দ্বিতীয় এমপি হিসেবে শিগগির শপথ নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশিদ হারুন। সংসদে যাওয়ার আভাষ দিয়েছেন তিনি নিজেই। তিনি জাতিরকন্ঠ কে বলেছেন, সংসদে যাবার ব্যাপারে তার ওপর স্থানীয় ভোটারদের চাপ অব্যাহত রয়েছে এবং তিনি এই বিষয়ে দলের উপর মহলকে জানিয়েছেন। দলের হাইকমান্ডকে তিনি বলেছেন, সংসদে যাওয়ার চাপ আমি সামলাতে পারছিনা।
বিষয়টি নিয়ে গত সোমবার দুপুরে তার বাড়িতে অন্য এক বিষয়ে সাংবাদিক সম্মেলনে সংসদের যাবার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন বলেন, নেত্রীর মুক্তির দাবিসহ বিভিন্ন সমস্যার কথা বলতেই তিনি শপথ নিয়ে সংসদে যোগদান করতে চান। তিনি আরো বলেন, সংসদে যাবার ব্যাপারে তার ওপর স্থানীয় ভোটারদের চাপ অব্যাহত রয়েছে এবং তিনি এই বিষয়ে দলের উপর মহলকে জানিয়েছেন।
তবে তিনি এও বলেন যে, এ জন্য ৩০ এপ্রিল পর্যন্ত দেখতে হবে। আসলে শেষ বলে কিছু নেই। দলের হাইকমান্ড সংসদের না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলে তিনি সংসদে যাবেন কি না এমন প্রশ্নে তিনি সরাসরি ‘না’ বলেননি।বরং তিনি বলেছেন, কারান্তরীণ বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান যদি সংসদে যাবার কথা বলেন তাহলে সেটাইতো দলের সিদ্ধান্ত। সুতরাং এজন্য তিনি অপেক্ষা করার জন্য সাংবাদিকদের বলেন।
গত বছর ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে বিএনপির মাত্র ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে বিএনপির মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে হারুনুর রশিদ হারুন অন্যতম।



