• রোববার , ২৬ জুলাই ২০২৬

বার্ন চিকিৎসা’য় বিপ্লব আনলেন হাসিনা


প্রকাশিত: ২:০২ পিএম, ২৪ অক্টোবর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২৮ বার

মেডিকেল রিপোর্টার : দগ্ধদের চিকিৎসা নিতে আর বিদেশ যেতে হবেনা। এজন্য আজ বিশ্বের সর্ববৃহৎ ‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ উদ্বোধন করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আগুনে পোড়াসহ বিভিন্নভাবে দগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে আজ থেকে নতুন দিগন্তের সূচনা হলো। আজ ২৪ অক্টোবর, বুধবার সকালে রাজধানীর চানখাঁরপুলে ১২ তলাবিশিষ্ট ৫০০ শয্যার এ ইনস্টিটিউটের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, এ ইনস্টিটিউট থেকে রোগীদের সর্বোত্তম সেবা দেওয়া হবে। অধিক পোড়া রোগীকেও চিকিৎসা দেওয়ার সুযোগ হবে এবং এখানকার প্লাস্টিক সার্জনরা দেশের চাহিদা পূরণে সক্ষম হবেন।

৫০০ শয্যা, ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), ১২টি অপারেশন থিয়েটারবিশিষ্ট এই ইনস্টিটিউটটি বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ইনস্টিটিউট নির্মাণের অনুমোদন পায়।

২০১৬ সালের ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চানখাঁরপুলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই বছরের ২৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর নির্মাণকাজ শুরু করে।দুই একর জমির ওপর ৫২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় অত্যাধুনিক এ বার্ন হাসপাতালটি। এটি উদ্বোধনের ফলে অগ্নিদগ্ধদের সুচিকিৎসার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এ প্রতিষ্ঠান।