• রোববার , ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশের ‘ফিলিংস’ আর নেই


প্রকাশিত: ১:০৫ পিএম, ১৮ অক্টোবর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯১ বার

বিনোদন রিপোর্টার : বাংলাদেশের ‘ফিলিংস’ আর নেই; জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আইয়ুব বাচ্চুর সহকর্মী সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম জাতিরকন্ঠকে খবরটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্কয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসের পরিচালক মির্জা না‌জিমউদ্দিন সাংবা‌দিক‌দের জানান, সকাল সাড়ে ৮টায় তার হার্ট অ্যাটাক হয়। সোয়া ৯টায় ড্রাইভার তা‌কে হাসপাতা‌লে আনেন। যথাসাধ্য চেষ্টার পরও তা‌কে সুস্থ করা যায়‌নি। সকাল ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

ড্রাইভা‌রের বরাত দি‌য়ে মির্জা না‌জিম উদ্দিন ব‌লেন, হার্ট অ্যাটা‌কের পর তার মুখ থে‌কে ফেনা উঠ‌তে থা‌কে। দীর্ঘদিন ধ‌রেই হৃদ‌রো‌গে ভুগ‌ছি‌লেন এ শিল্পী। সপ্তাহ দুয়েক আগেও একবার হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ডাক্তারের শরণাপন্ন হন। আগের পরীক্ষায় তার হার্টের কর্মক্ষমতা ৩০ ভাগে নেমে এসেছিল ব‌লে জানা‌নো হয় হাসপাতা‌লের তরফ থে‌কে।

বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সঙ্গীত শিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার।সঙ্গীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তার ডাক নাম রবিন।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।তাঁর মৃত্যুতে অনলাইন দৈনিক জাতিরকন্ঠ পরিবার গভীর শোকাহত।এক বিবৃতিতে জাতিরকন্ঠ সম্পাদক শফিক রহমান বলেছেন, বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু’র মৃত্যুতে দেশ এক মূল্যবান ডায়মন্ড হারালো। যে ক্ষতি পূরণ হবার নয়।