• রোববার , ২৬ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু পুরস্কার দেবে ইউনেস্কো


প্রকাশিত: ২:৩২ এএম, ১৪ ডিসেম্বর ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৯৪ বার

বিশেষ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। অর্থনীতিতে অবদানের জন্য তরুণদের এ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সম্প্রতি ইউনেস্কোর ২১০তম নির্বাহী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।রোববার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দা ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি শীর্ষক পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, বঙ্গবন্ধুকে অনন্য সম্মান দেওয়ার জন্য জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।গত ১১ ডিসেম্বর সমাপ্ত ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করলো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্কৃতি’ ইউনেস্কোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধিক্ষেত্র। সমসাময়িককালে বহুল আলোচিত ও চর্চিত বিষয় ‘সৃজনশীল অর্থনীতি’ অঙ্গনে এ আন্তর্জাতিক পুরষ্কার প্রবর্তিত হয়েছে। এ পুরস্কার সৃজনশীল অর্থনীতিতে যুবসমাজের উন্নয়নে সংস্কৃতিকর্মী, প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক গৃহীত ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বীকৃতি দেবে।

তিনি আরো জানান, আগামী ছয় বছরে প্রতি দুই বছর পরপর ৫০ হাজার ডলার সমমানের এই পুরস্কার দেয়া হবে। ২০২১ সালের নভেম্বরে ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রথমবার এ পুরস্কার দেয়া হবে।গত বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, কর্মসূচি তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। পুরস্কার ঘোষণার মাধ্যমে মুজিববর্ষে সরাসরি সম্পৃক্ত হলো সংস্থাটি।