পুলিশকে ধোকা দিলো তানজিলা মাসতুরা
কলকাতা প্রতিনিধি : এবার পুলিশকে ধোকা দিয়ে কলকাতার একটি থানা থেকে পালালো কুমিল্লার নারী পাচারকারী তানজিলা ও মাসতুরা । থানার
ভেতর কোথায় কী হচ্ছে, সেই নজরদারি রাখতেই লাগানো হয়েছিলো সিসিটিভি ক্যামেরা। কারাকক্ষ থেকে শুরু করে প্রবেশ পথ হোক বা ডিউটি অফিসারের কক্ষ সবই ছিলো লাইভ ক্যামেরার আওতায়।
কিন্তু এত কড়া নিরাপত্তার মধ্যেই থানা থেকে হেলে দুলে পালিয়ে গেছে বাংলাদেশী ওই দুই নারী পাচারকারী নারী আসামি। শুক্রবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ঘটেছে এ ঘটনা। পালিয়ে যাওয়া আসামি তানজিলা ও মাসতুরা বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা। তারা নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পালানোর পর এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জানানো হয়েছে, গত ২৩ জুলাই বিমানবন্দর থেকে তিন নারী যাত্রীকে আটক করে সেন্ট্রাল ইন্ডস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। এ সময় তাদের বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা ছিল। আটক অপর নারী তসলিমার বাড়ি দিল্লিতে। দুই বাংলাদেশি নারীর কাছ থেকে জাল আধার কার্ডও পাওয়া যায়। পরে তিন জনকেই আদালতে হাজির করা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
২৪ জুলাই থেকেই ওই নারীরা বিমানবন্দর থানার হেফাজতে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে,ওই থানায় নারী আসামিদের জন্য আলাদা কোনো কারাকক্ষ বা হাজত নেই। তাই তাদের দিনের বেলায় ডিউটি অফিসারের সামনেই রাখা হয়।ঘটনার দিন রাতে ওই আসামিদেরকে থানার কম্পিউটার অপারেটর কক্ষে রাখা হয়েছিল। পর দিন সকালে দরজা খুলে দেখা যায়, ঘর ফাঁকা। তার পরই আসামিদের তন্য তন্য করে খুঁজতে শুরু করে পুলিশ।
তদন্ত করতে গিয়ে দেখা যায়, রাতভর ওই কক্ষে রাখা সিসি ক্যামেরার মনিটরে নজর রেখে পালানোর ছক কষেছিলেন ওই দুই নারী। শুক্রবার সকাল ৫টা নাগাদ ওই নারী আসামিদের একজন শৌচাগারে যাওয়ার কথা বলেন। বাইরে থেকে বন্ধ দরজা খুলে তাকে শৌচাগারে নিয়ে যান এক নারী সেন্ট্রি। সেই ফাঁকেই সিসি ক্যামেরার মনিটরে ঘরে থাকা বাকি দুজন দেখতে পায়, নিজের ঘরে চেয়ারে বসেই ঢুলছেন ডিউটি অফিসার। গোটা ঘর ফাঁকা। গেটের সামনে বসা সেন্ট্রিও ঝিমোচ্ছেন।সুযোগ কাজে লাগাতে ভুল করেননি দুজন। ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন তারা। তাদের পালিয়ে যাওয়ার সম্পূর্ণ দৃশ্যই ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
এই নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয়বার আসামি পালানোর ঘটনা ঘটল এই থানায়। এর আগে গত ২১ জুলাই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে ধরা পড়েন বিজয় সাহু নামে এক গাড়িচালক। তার মেডিকেল পরীক্ষা করিয়ে এনে থানায় নিয়ে এসে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে ডিউটি অফিসারের উল্টো দিকের চেয়ারে বসতে দেওয়া হয়।রাত সাড়ে ৮টায় হঠাৎ সবাইকে চমকে দিয়ে সামনের টেবিলে রাখা এফআইআর, মেডিকেল টেস্টের কাগজ এক টানে ছিনিয়ে নিয়ে থানার খোলা দরজা দিয়ে দৌঁড়ে পালিয়ে যান বিজয়। সেন্ট্রি থাকলেও, তিনি কিছু বুঝে ওঠার আগেই থানার চৌকাঠ পেরিয়ে রাস্তায় আসামি। তিনি এখনও পলাতক আছেন।



