পিজির ৬১২ ডিলাক্স কেবিনে খালেদা
মেডিকেল রিপোর্টার : কড়া নিরাপত্তার মধ্যে শনিবার বিকালে পুরান ঢাকার কারাগার থেকে শাহবাগের হাসপাতালটিতে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।৭৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিএসএমএমইউতে দুটি কেবিন দুপুর থেকে প্রস্তুত রাখা হয়েছিল। বিকালে খালেদাকে আনার আগে দুপুরে তার ব্যবহার্য জিনিসপত্র হাসপাতালে আনা হয়।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশীদ জানান, আজ বিকেল সোয়া ৩টায় বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা হয়। কারাবিধি অনুসারে খালেদা জিয়ার জন্য হাসপাতালের কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর ‘ডিলাক্স কেবিন’ ইস্যু করা হয়েছে। এসির ব্যবস্থা থাকা কেবিনটির ভেতরে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম রয়েছে।
রুমের পাশেই রয়েছে সোফাসেট। এছাড়া রুমের ভেতরে কলিং বেল রয়েছে যাতে করে রোগী প্রয়োজন হলে নার্স বা অন্য কাউকে ডাকতে পারবেন। খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর ৬১১ ও ৬১২ কেবিন দুটি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ৬১১ নম্বর কেবিনে তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন। এর আগে কারাগারে যাওয়ার পর গত এপ্রিল মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য একবার তাকে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল।
এরপর তার অসুস্থতার কথা জানিয়ে বিএনপির পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে বিএসএমএমইউতে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে বিএনপি যেমন এই প্রস্তাবে রাজি হচ্ছিল না, তেমনি খালেদা জিয়াও সেখানে যেতে অসম্মতি দেখিয়েছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি এবং তার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুনর্গঠনের নির্দেশও দেয়। খালেদার চিকিৎসায় গত সেপ্টেম্বরে সরকার যে মেডিকেল গঠন করে দিয়েছিল, তার তিন সদস্যকে বাদ দিয়ে নতুন তিনজনকে সেখানে দায়িত্ব দিতে বলেছেন আদালত।
হাইকোর্টের আদেশ অনুযায়ী, বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিকাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ বোর্ডে থাকবেন। আর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলীর বদলে নতুন তিনজনকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করে দেবে সরকার।
তবে এই তিনজনের কেউ কেন্দ্রীয় বা জেলা পর্যায়ে সরকারসমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বা বিএনপি সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বর্তমান বা প্রাক্তন সদস্য কিংবা সমর্থক হতে পারবেন না। আদেশে বলা হয়েছে, খালেদা জিয়া তার পছন্দের ফিজিওথেরাপিস্ট, গাইনিকোলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। বোর্ডের অনুমোদন সাপেক্ষে তিনি বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন।। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি।
৫ বছরের দণ্ড নিয়ে তিনি নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন। তার আরেক মামলার বিচারের জন্য পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করা হয়। সেই বিচার চলাকালে খালেদা জিয়া বলেন, আমি অসুস্থ। এরপর খালেদা জিয়ার আইনজীবীরাও তার সঙ্গে দেখা করে গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় দাবি করে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা বলেছেন।



